“আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন, মাইর খাইতে চান?” বলেন আখতারুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান।
জমজমের পানি পেতে দেরি হওয়ায় বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে এ হুমকি দেন তিনি।
এদিন সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তাতে দেখা দেখা যায়, জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে বলছেন, “ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?”
এ বিষয়ে জানতে চাইলে আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী করছে না, সেটা বলেন? এটা কোনো বিমানবন্দর হলো? আপনি কোনোদিন গেছেন? ওখানে কী হচ্ছে, কী অবস্থা?”
বিমানবন্দরের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্য বলেন, “ওখানে প্রতিদিন মানুষের চুরি হচ্ছে, ট্রলি নাই; ব্যাগ নামে না। ঘণ্টার পর ঘণ্টা মানুষ বসে থাকে। ওদের (বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তা) ঘাড় ধরে বের করে দেব। আর কতকাল এভাবে চলবে?”
সরকারি কর্মকর্তাদের সমালোচনা করে আখতারুজ্জামান বলেন, “সরকারের প্রত্যেকটি কর্মকর্তা চোর। স্পিকার কী বলেছে? আপনারা সরকারি কর্মচারীদের পেছনে পেছনে ঘোরেন; আর রাজনীতির ১২টা বাজান। রাজনীতিবিদদের বিরুদ্ধে লেখেন আপনারা, কিন্তু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে লেখেন না। সব ধোয়া তুলসিপাতা।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
ওমরাহ যাত্রীদের জমজমের পানি দিতে দেরি হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের ওই দুই কর্মকর্তা হলেন- ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন। তাদের দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৮ ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে নেমে তাদের সঙ্গে আনা জমজমের পানি সময়মতো পাচ্ছিলেন না।
প্রাথমিক অনুসন্ধানে বিমান জানতে পেরেছ, কন্টেইনার অফলোডিং এবং পরিচালনগত গাফিলতির কারণেই ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে দেরি হয়।
বিষয়টি বিমান ও পর্যটন মন্ত্রীর নজরে এলে তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ভাঙচুর, দখল: ভাবমূর্তি ও জনআস্থার সংকট
৪৭-এর পাকিস্তানপ্রত্যাখ্যান ও ৭১-এর বাংলাদেশবিরোধিতা: জামায়াতের রাজনৈতিক স্ববিরোধ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: শুধু সুদের হার নয়, প্রয়োজন সমন্বিত নীতি