চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়োগ পাওয়া চার জেলার মধ্যে নীলফামারীর ডিসি হয়েছেন অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবির, পটুয়াখালীর ডিসি হয়েছেন অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিম এবং পিরোজপুরের ডিসি হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী। পিরোজপুরের বর্তমান ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাদের ডিসির দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
সাত মাসে ৩৪ জেলার ডিসি পরিবর্তন গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠ প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় জেলা প্রশাসক পর্যায়েও একাধিক দফায় পরিবর্তন আনা হয়। নতুন সরকারের আমলে প্রথম ডিসি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় গত ১ মার্চ। ওই দিন গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের ডিসিদের প্রত্যাহার করা হয়। এরপর ১৫ মার্চ এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
পরে ২৯ মার্চ আরও ১১ জেলা এবং ১ এপ্রিল চার জেলার ডিসিকে পরিবর্তন করা হয়। ফলে দায়িত্ব নেওয়ার প্রথম দেড় মাসেই ২০ জেলার ডিসি পরিবর্তন করা হয়।
এরপর ২৩ এপ্রিল ঢাকা, ফরিদপুর ও শেরপুরে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। জুনে মাগুরা, সিলেট ও কুমিল্লায় পরিবর্তন আসে। জুলাইয়ে বরিশাল ও সিলেটে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
সিলেটে একই সময়ে একাধিক পরিবর্তন হওয়ায় বিষয়টি কিছুটা ব্যতিক্রমী ছিল। ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হলেও ৯ জুলাই তাকে দায়িত্ব না দিয়ে নতুন করে আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়। আগস্টে নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
এদিকে অন্যান্য জেলায় নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে নতুন 'ফিটলিস্ট' তৈরির কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ডিসি হিসেবে পদায়নের জন্য গত ৩০ আগস্ট থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। প্রায় দেড় মাসে ১৪০ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.