পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর, শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ উৎসাহিত করতে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ চালু করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, “বারের পর্যটন দিবসে বিশেষ গুরুত্ব পাচ্ছে পর্যটন শিল্পে জড়িত অংশীজনদের মাঝে প্রথমবারের মতো চালু করা পর্যটন পুরস্কার।
“বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও পর্যটন উদ্যোগকে স্বীকৃতি দেওয়ার ১৩টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এবারে প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।
রোববার সকালে পশ্চিম আগারগাঁওয়ের শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার পর্যটন ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হবে। এতে আবহমান বাংলার জীবনধারা, বিভিন্ন নৃগোষ্ঠীর ঐতিহ্য ও ঢাকার ঐতিহ্য তুলে ধরা হবে।
এরপর সাইকেল শোভাযাত্রা এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সিটি ট্যুর উদ্বোধন করা হবে। এ আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুরা গাইডেড ট্যুরের মাধ্যমে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবে।
এছাড়া সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা, উৎস দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন অনুষ্ঠান। পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পাকিস্তানিদের আত্মসমর্পণ কী ফোয়ারার পানিতে ধুয়ে যাবে?
মরিয়মের মৃত্যু ও জনতার আদালত নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকি
বাপি শাহরিয়ারের স্মৃতি, মেহেদীর মৃত্যু এবং ‘আলালের ঘরের দুলাল’
‘ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটান নিরুপায় জাতিসংঘ’