1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

দেশের প্রতিটি উপজেলার সব ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কঠোর নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এই ব্যবস্থা সম্পন্ন করে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে বলা হয়েছে। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে চায় সরকার।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে ২৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় স্পষ্ট উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিদ্যমান সব দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ভবনের ছাদে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে হবে। প্রতিটি স্থাপনায় বিদ্যুৎ চলে যাওয়ার পর ব্যবহারের জন্য ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে পাঠানো হবে।

নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে পাঠানো এই বাড়তি বিদ্যুতের প্রতি ইউনিটের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাবে, যা তাদের নিজস্ব রাজস্ব আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। হাট ও বাজারে এই রূপান্তরের অর্থায়নে হাট ও বাজার বিধিমালা, ২০২৫-এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট বাজারের ইজারালব্ধ আয়ের নির্ধারিত অংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বাজারের সাধারণ রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ ১০ শতাংশ এবং উপজেলার সামগ্রিক হাট-বাজার উন্নয়নের আরও ১০ শতাংশ অর্থ মিলিয়ে মোট ২০ শতাংশ তহবিল থেকে এই সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন ও বাণিজ্যিক সম্প্রসারণের ব্যয়ভার বহন করা যাবে।

স্থাপিত সৌর প্যানেলগুলোর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিতে সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে পরবর্তী ২০ বছরের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। উপজেলার প্রতিটি হাট-বাজারের স্থায়ী শেডের ছাদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বহুতল ভবনের ছাদের আয়তন মূল্যায়ন করে দ্রুত এই ব্যবস্থা চালুর তাগিদ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এই নির্দেশনা ইতিমধ্যে মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ