গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
এরপর থেকে একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে মায়ের অসুস্থতার তথ্য নিশ্চিত করেন অভিনেত্রী। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবিও ভাগ করে নেন তিনি।
পরিবারের এমন সংকটকালে ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিশা জানান, চার দিন আগে তার মা হার্ট অ্যাটাক করেন এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এই সময়টি তাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন বলে তিনি উল্লেখ করেন। তিনি লেখেন, এই মুহূর্তে সকলের আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। একই সঙ্গে সৃষ্টিকর্তা যেন তার মায়ের হৃদযন্ত্র হেফাজত করেন, শক্তি দেন এবং দ্রুত পূর্ণ সুস্থতা দান করে পরিবারের কাছে ফিরিয়ে দেন—সেই আকুতি জানান অভিনেত্রী।
অভিনেত্রীর এই বার্তার পর সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই মন্তব্য করে তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন।