এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে, শনিবার সকালে ইন্দোনেশিয়াকে হারিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। আমিরুল ইসলামের জোড়া গোলে রোমান সরকারের দল জিতেছে ৩-১ ব্যবধানে। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে বাংলাদেশ জার্সিতে আসরে আমিরুল ইসলামের দ্বিতীয় জোড়া গোল। ২০২৫ ছেলেদের জুনিয়র হকি বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল করা আমিরুল এখন পর্যন্ত ইতিহাসে যেকোনো জুনিয়র আসরের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের প্রথম থেকে সমানতালে লড়েতে থাকে দুদল। তবে বাংলাদেশের রক্ষণের সামনে সুবিধা করতে পারেনি ইন্দোনেশিয়ানরা। প্রথম কোয়ার্টারে ১১তম মিনিটে আসে বাংলাদেশের প্রথম সাফল্য। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোন দল। তৃতীয় কোয়ার্টারে ৩১ মিনিটে নিজের জোড়ায় বাংলাদেশকে দিগুণ ব্যবধানে এগিয়ে দেন আমিরুল। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ শেষ গোলটি করলে ৩-০তে এগিয়ে যায় রোমানের দল। চতুর্থ কোয়ার্টারে ৪৮ মিনিটে আউলিয়া আল আরদের গোলে ব্যবধান কিছুটা কমে ইন্দোনেশিয়ার। সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ।