ঘরোয়া নারী ক্রিকেটে এবার ম্যাচ ফি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কাঠামো অনুযায়ী টি-টোয়েন্টিতে একজন ক্রিকেটার পাবেন ২০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার এবং তিন দিনের ম্যাচে ৪০ হাজার টাকা। এই নতুন পারিশ্রমিক কাঠামোর মধ্যেই আগামী ২৮ অক্টোবর মাঠে গড়াবে নারী জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। বিসিবির নারী উইংয়ের একটি সূত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে।
এবারের প্রতিযোগিতায় অংশ নেবে আটটি বিভাগীয় দল। সব মিলিয়ে হবে ২৮টি ম্যাচ। আগের আসরের মতো এবারও থাকছে সিঙ্গেল রাউন্ড-রবিন পদ্ধতি। অর্থাৎ প্রতিটি দল অন্য সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
তবে এবারের আসরে আলাদা করে কোনো ফাইনাল রাখা হয়নি। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারে।
আগামী ২৬ সেপ্টেম্বর হবে খেলোয়াড় বাছাই ও নির্বাচন প্রক্রিয়া। তবে এটি প্রচলিত অর্থে সাধারণ কোনো নিলাম নয়। বিভাগগুলোর খেলোয়াড়ের প্রাপ্যতার পার্থ্যক্য কমিয়ে দলগুলোর মধ্যে ভারসাম্য রাখতেই এই পদ্ধতি নেওয়া হয়েছে।
প্রতিটি দলে গতবারের মতো এবারও থাকবেন দুজন করে আইকন খেলোয়াড়। আট বিভাগের মোট ১৬ আইকনের সঙ্গে বিভাগীয় প্রতিনিধিরা মিলে লটারি পদ্ধতিতে পালাক্রমে ব্যাটার ও বোলার নির্বাচন করবেন।