এশিয়ান গেমসে ক্রিকেটের সোনা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ পুরুষ দল। আগামীকাল এশিয়ান গেমস খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে বুধবার প্রস্তুতি ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। সেখানে নিজেদের লক্ষ্য হিসেবে ফাইনালে ওঠা ও সেখানে ভালো কিছু করার কথা বলেছেন তিনি।
জাপান যাওয়ার আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তারা। লিটনের মতে, দীর্ঘ সময় পর একসঙ্গে খেলার সুযোগ পাওয়ায় প্রস্তুতি ম্যাচগুলো দলীয় বোঝাপড়া বাড়াতেও কাজে দিয়েছে।
লিটন বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুটি প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পেয়েছি অনেকদিন পর। আমরা শেষবার টি-টোয়েন্টি সিরিজ খেলেছি জিম্বাবুয়েতে। ওখান থেকে একসাথে বন্ডিং হওয়ার একটা সুযোগ এই প্রস্তুতি ম্যাচ। আমার কাছে মনে হয় আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে।’
এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের কাছে প্রত্যাশাও এবার অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেট থেকে সর্বশেষ সোনা জিতেছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের একমাত্র সোনা। ফলে এবারও ক্রিকেটকে ঘিরে বাড়তি প্রত্যাশা থাকবে।
তবে বাড়তি প্রত্যাশাকে চাপ হিসেবে দেখছেন না লিটন। বরং এমন এমন আসরে খেলার সুযোগকে নিজেদের জন্য বড় প্রেরণা হিসেবে দেখছেন তিনি।
লিটন বলেন ‘প্রত্যাশা তো সবাই করবে। আসলে আমিও খেলোয়াড় হিসেবে ওখানে ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই যাবো।’
এশিয়ান গেমসে ক্রিকেট নিয়মিত আয়োজন না হওয়ায় এই আসরকে অন্য সব প্রতিযোগিতার চেয়ে আলাদা করে দেখছেন লিটন। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রতি বছরই খেলার সুযোগ আসে। কিন্তু এশিয়ান গেমসের মতো আসরে সুযোগ মেলে অনেক কম।