পারিবারিক কাজে মাসখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। ফিরেই শিল্পকলা একাডেমির একক গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন তিনি। শোনাবেন তাঁর গৌরবময় সংগীতজীবনের ১০টি গান। ছয় দশকের ক্যারিয়ারে শিল্পকলা একাডেমিতে এটিই হবে রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান।
৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দু-তিনবার গেয়েছেন রুনা লায়লা। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম।
অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর ৬২ বছরের গৌরবময় সংগীতজীবন থেকে কালজয়ী, শ্রোতাপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। বিভিন্ন সময়ের কালজয়ী গানগুলো দিয়ে এই আয়োজন সাজানো। শুধু গান পরিবেশনই নয়, একই অনুষ্ঠানে রুনা লায়লাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। এই আয়োজনের টিকিট বিক্রির অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। শিল্পকলা একাডেমি জানিয়েছে, টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
এর আগে শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে এ রকম অনুষ্ঠান করেছে শিল্পকলা একাডেমি।
এই অনুষ্ঠান শেষ করেই আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন এই গুণী শিল্পী। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন।