সন্তান জন্মের কয়েক মাস পর সম্প্রতি প্রকাশ্যে এসেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরপর থেকেই তার চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য ও ট্রোলিং। বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন সালমান খান।
রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এর মঞ্চে ক্যাটরিনা এবং বয়সী তারকাদের নিয়ে কটূক্তির প্রসঙ্গ ওঠে। তখন সামাজিক মাধ্যমে তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণের তীব্র প্রতিবাদ জানান সালমান।
সালমান বলেন, কোনো নারী মা হওয়ার পর তার শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু সমাজের একাংশ সেটি মেনে না নিয়ে ‘মোটা হয়ে গেছে’ বলে কটাক্ষ করতে শুরু করে। একজন মাকে নিয়ে এভাবে ট্রোল করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অভিনেতার ভাষ্য, অভিনেত্রীরা সন্তান জন্মের পর নিজেদের মতো করে সময় নিয়ে আবার ফিট হয়ে পর্দায় ফেরেন। তাই তাদের ওপর অযথা চাপ তৈরি করা উচিত নয়।
শুধু নারীদের নিয়েই নয়, নিজের বয়স ও ওজন নিয়েও দীর্ঘদিন ধরে চলা ট্রলিংয়ের জবাব দেন সালমান। তিনি বলেন, তিনি আর ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার সময়কার বয়সে নেই। বয়স বাড়ার সঙ্গে শরীরে পরিবর্তন আসাটাই স্বাভাবিক।