সিনেমা এখনো প্রেক্ষাগৃহেই আসেনি, অথচ এরই মধ্যে কোটি কোটি টাকা আয়! মুক্তির আগেই এমন সাড়া ফেলে দিয়েছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট এভিল’-এর নতুন কিস্তি। প্রিভিউ প্রদর্শনী থেকেই সিনেমাটি আয় করেছে ৮৮ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৮ কোটি টাকা। ফলে মুক্তির আগেই শুরু হয়েছে সিনেমাটিকে ঘিরে তুমুল আলোচনা।
শুধু আয় নয়, আগাম আয়ের দিক থেকেও নতুন ইতিহাস তৈরি করেছে সিনেমাটি। ‘রেসিডেন্ট এভিল’ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমা এর আগে মুক্তির আগে এত বেশি আয় করতে পারেনি। ফলে এবার বক্স অফিসে সিনেমাটি পুরোনো রেকর্ড ভাঙতে পারে কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
নতুন ‘রেসিডেন্ট এভিল’ পরিচালনা করেছেন ‘ওয়েপনস’খ্যাত নির্মাতা জ্যাক ক্রেগার। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি চার থেকে পাঁচ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক ও সমালোচকদের ইতিবাচক সাড়া অব্যাহত থাকলে সেই আয় ছয় কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার বাজেটে নির্মিত সিনেমাটি সফল হলে জ্যাক ক্রেগারের ক্যারিয়ারে এটি হতে পারে টানা দ্বিতীয় বড় সাফল্য। গত বছর মুক্তি পাওয়া তার হরর সিনেমা ‘ওয়েপনস’ ৪ কোটি ৩০ লাখ ডলার দিয়ে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ২৭ কোটি ডলার আয় করেছিল। মুক্তির আগে প্রিভিউ প্রদর্শনী থেকেই সিনেমাটি আয় করেছিল ৫৭ লাখ ডলার।
১৯৯৬ সালে ভিডিও গেম হিসেবে যাত্রা শুরু করেছিল ‘রেসিডেন্ট এভিল’। এরপর একের পর এক কাহিনি, শাখা কাহিনি ও পুনর্নির্মাণের মাধ্যমে এটি পরিণত হয় বিশ্বজুড়ে পরিচিত একটি ফ্র্যাঞ্চাইজিতে। পরে গেমটির গল্প অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজও।