এআই এজেন্ট এমন এক যুগের সূচনা করছে, যেখানে সময়সাপেক্ষ বা জটিল কাজগুলো মানুষের পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।
এ নতুন ফিচারের মাধ্যমে এআই সরাসরি ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার পাবে। ছবি: রয়টার্স
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
টেক্সট জেনারেটিং চ্যাটবটের যুগ পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন সরাসরি ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার ও স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করার এজেন্টিক এআই যুগে প্রবেশ করছে।
এরই ধারাবাহিকতায় এআই কোম্পানি অ্যানথ্রপিক তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট ক্লড-এর নতুন এক সংস্করণের পরীক্ষা চালাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
ফাঁস হওয়া কিছু স্ক্রিনশটের বরাতে জানা গেছে, এ নতুন ফিচারের মাধ্যমে এআই সরাসরি ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার পাবে।
‘ক্লড মানি’ নামের এ ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা টুলটি ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টকে অ্যাপের সঙ্গে যুক্ত করার সুযোগ করে দেবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের খরচ বিশ্লেষণ ও আর্থিক পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি এআইয়ের সহায়তা নিতে পারবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ‘টেস্টিংক্যাটালগ’-এর মাধ্যমে প্রথম এ নতুন ফিচারের বিষয়টি প্রকাশ পায়। আইওএস-এর জন্য তৈরি ক্লড অ্যাপের সাইডবারে ‘চ্যাটস’ ট্যাবের ঠিক নিচে এটা যোগ করা হয়েছে।
অ্যাপটির ইন্টারফেইসে বলা হয়েছে, “ক্লডের মাধ্যমে আপনার অর্থ বুঝে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো যোগ করুন এবং খরচ, পরিকল্পনা ও অন্যান্য বিষয় নিয়ে ক্লডকে প্রশ্ন করুন।”
প্রাথমিকভাবে এটা কোন কোন ব্যাংককে সমর্থন করবে বা কবে ও কোথায় আনুষ্ঠানিকভাবে চালু হবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলেনি কোম্পানিটি।
বিশ্লেষকদের অনুমান, টুলটি চালুর শুরুর দিকে কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্যই সীমাবদ্ধ থাকবে।
এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরাধে সাড়া দেয়নি অ্যানথ্রপিক।
এআইভিত্তিক ব্যক্তিগত আর্থিক সেবার বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ওপেনএআই এরইমধ্যে পেইড ব্যবহারকারীদের জন্য ‘চ্যাটজিপিটি ফাইন্যান্সেস’ নামের একই রকম সেবা চালু করেছে।
সেবাটি যুক্তরাষ্ট্রের ক্রেডিট কার্ড ও ব্রোকারেজসহ ১২ হাজারেরও বেশি আর্থিক কোম্পানির নেটওয়ার্ক সমর্থন করে।
‘চ্যাটজিপিটি ফাইন্যান্সেস’ ব্যবহারকারীদের খরচ, সঞ্চয় ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করলেও প্রাইভেসি আইন ও নিয়মকানুনের কারণে এটা এখনও ইউরোপে চালু হয়নি।
এদিকে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এসব নতুন টুল ডেটা কেন্দ্রীকরণ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এর মানে, একটিমাত্র সাইবার হামলার মাধ্যমেই হ্যাকাররা চ্যাটিং ইতিহাস ও আর্থিক বিবরণের মতো মূল্যবান ডেটার নাগাল পেয়ে যাবে।
‘ক্লড মানি’ ফিচারের স্ক্রিনশট ফাঁসের দিনই অ্যানথ্রপিক প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীদের জন্য ‘ক্লড ফর ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার্স’ উন্মোচনের ঘোষণা দিয়েছে, যা ব্যক্তি গ্রাহকদের পরিবর্তে প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি।
এসব নতুন টুল এআই খাতের বড় পরিবর্তনের অংশ, যার মাধ্যমে এআই টুলগুলো টেক্সট জেনারেশন চ্যাটবট থেকে সরে স্বয়ংক্রিয় এজেন্টে পরিণত হচ্ছে। এসব এজেন্ট ব্যবহারকারীদের পক্ষে তথ্য অনুসন্ধান ও বিভিন্ন কাজ করতে পারবে।
জেনারেটিভ এআই থেকে এআই এজেন্ট যুগে রূপান্তরকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ‘বহু ট্রিলিয়ন ডলারের সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন।
জ্বালানির দাম বৃদ্ধি: রাষ্ট্র বাঁচে প্রজ্ঞাপনে, জনগণ হাঁপায় রান্নাঘরে
ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের?
৮ দফার বিশ্লেষণ এবং এক দফার রাজনীতি
অপ্রতিমের নির্মম বিদায়: আমাদের নিরাপত্তাহীন ভবিষ্যতের প্রতিচ্ছবি