নব্বইয়ের দশকে যে সিনেমার গল্প ও গান বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মনে তৈরি করেছিল আলাদা আবেগ, সেই ‘হঠাৎ বৃষ্টি’ এবার ফিরছে নতুন রূপে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ১৯৯৮ সালের সেই জনপ্রিয় সিনেমার ২৮ বছর পর আধুনিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
মূল গল্পকে অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। সিনেমাটি আগে পূজায় মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
পরিচালক জানান, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিও পেয়েছে এটি।
কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি’ আমাদের দর্শকের কাছে আবেগের একটি সিনেমা। এমন একটি জনপ্রিয় ছবিকে নতুনভাবে নির্মাণ করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। কারণ, পুরোনো ছবিটির সঙ্গে দর্শকের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই জায়গাটিকে সম্মান রেখেই বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে আমরা নতুন সিনেমাটি নির্মাণ করেছি। গল্পের মূল আবহ ঠিক রেখে নির্মাণ, অভিনয় ও উপস্থাপনায় আমাদের নিজস্বতা রাখার চেষ্টা করেছি। দর্শক সিনেমাটি দেখার পরই বলতে পারবেন আমরা কতটা সফল হয়েছি। পূজায় মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন ২ অক্টোবর সিনেমাটি দর্শকের সামনে আনতে প্রস্তুত আমরা।’
বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’র মূল আকর্ষণ ছিল নতুন দুই মুখ ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। তাদের রসায়ন ও অভিনয়ের মুগ্ধতা আজও সিনেপ্রেমীদের মনে গেঁথে আছে। ইতিহাস পুনরাবৃত্তির লক্ষ্যেই হয়তো এবারও কেন্দ্রীয় দুই মূল চরিত্রে বেছে নেওয়া হয়েছে দুই নবীন অভিনয়শিল্পীকে।
সিনেমাটিতে ফেরদৌসের জায়গায় অভিনয় করেছেন আরিয়ান এবং প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় রূপালী পর্দায় আসছে এই নতুন জুটি।
আরিয়ান সারোয়ারের এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে প্রথম। তিনি বলেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবিটি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ করিনি।’
সিনেমাটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক তারকা।
মুক্তি উপলক্ষে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিমানবন্দর এলাকার একটি সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। এতে সিনেমার শিল্পী, কলাকুশলী ও নির্মাতা উপস্থিত থাকবেন।