এ ঘটনায় পুলিশের করা মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করা হয়েছে।
সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা করার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করা রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল।
মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ ২০ জনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়নের যুবলীগের সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতীলীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) একং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাঁওতাল (৪০)।
রিসোর্ট ভাড়া নিয়ে সভা করার ঘটনায় বুধবার ভোর রাত ৩টার দিকে রাতারগুলে ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এ সময় রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের প্রয়াত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (৫৯), নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪) এবং ১৬ বছরের এক কিশোর।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল।
পুলিশ জানায়, রোববার রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার হঠাৎ সেখানে উপস্থিত হন।
তিনি দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তৃতা দেন এবং দ্রুত চলে যান। পরদিন সোমবার বিকাল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেইসবুকে ওই সভার ভিডিও প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারাকে গ্রেপ্তার করে।
ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে রাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনার পর থেকে রনজিত সরকার ও রিসোর্ট মালিক আত্মগোপনে রয়েছেন।
জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া
মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস