1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

যশোরে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ, ২ কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় দুই সাবেক ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার জিয়াউল হক ও তাঁর ছেলে এনামুল হক এবং ইসলামী ব্যাংক যশোর শাখার সাবেক সিনিয়র অফিসার ও বিনিয়োগ কর্মকর্তা শেখ জামিল আহমেদ এবং সাবেক গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন। শেষের দুজনই ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়েছেন। দণ্ডপ্রাপ্ত সবাই বর্তমানে পলাতক রয়েছেন।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের রায়ে এনামুল হক ও জিয়াউল হককে দণ্ডবিধির ৪০৬ ধারায় দুই বছর, ৪২০ ধারায় তিন বছর, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি ধারায় তাঁদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন বছর, ৪০৯ ধারায় ১০ বছর, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় দুই বছর করে এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের চারটি ধারায় জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেক ধারায় পৃথকভাবে অতিরিক্ত তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে এ অর্থ আদায় করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ১৯৯১ সালের ৫ ডিসেম্বর এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় ৫০ লাখ টাকা বিনিয়োগের আবেদন করেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালের ১৯ এপ্রিল তাঁর নামে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা অনুমোদন করা হয়। এ ক্ষেত্রে চট্টগ্রামের একটি সম্পত্তি বন্ধক দেখিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করা হয়। অভিযোগ রয়েছে, বন্ধক রাখা সম্পত্তি যথাযথভাবে যাচাই না করেই তাঁকে বিনিয়োগ সুবিধা দেওয়া হয়েছিল।

পরে ব্যাংকের গুদামে টায়ার-টিউব মজুত দেখিয়ে নয়টি ডিলের মাধ্যমে মেসার্স কনফিডেন্স টায়ার হাউসের নামে ৯৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়। কিন্তু গুদামে নামমাত্র কিছু টায়ার-টিউব রেখে অধিকাংশ পণ্য সরবরাহের নামে অর্থ আত্মসাৎ করা হয়।

পরবর্তী সময়ে গুদামে থাকা কিছু পণ্য নিলামে বিক্রি করে তিনটি বিনিয়োগ হিসাব সমন্বয় করা হলেও বাকি ছয়টি হিসাবে ৭৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা অনাদায়ী থেকে যায়। সুদ, কমিশন ও অন্যান্য হিসাবসহ ১৯৯৫ সালের ২৬ এপ্রিল আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা।

এ ঘটনায় তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ সোবহান বাদী হয়ে ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে দুদকের তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ জানুয়ারি চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক আবদুল ওয়াদুদ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ