1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে তেলুগু সিনেমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে তেলুগু ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার ব্যক্তিজীবন, পারিবারিক সংগ্রাম ও দীর্ঘ রাজনৈতিক পথচলা উঠে আসবে সিনেমাটিতে। চলচ্চিত্র নির্মাণের জন্য ইতিমধ্যে ২ কোটি রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন কংগ্রেসের এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি বুধবার সাঙ্গারেড্ডিতে দলীয় নেতা-কর্মীদের এক সভায় চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানান। এ সময় সাঙ্গারেড্ডি বিধানসভা এলাকার কংগ্রেস আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু সিনেমাটির জন্য ২ কোটি রুপি দেওয়ার ঘোষণা দেন। চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া এগিয়ে নিতে ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জগ্গা রেড্ডি। গান্ধী ভবনের জনসংযোগ কর্মকর্তা হরিপ্রসাদ এই কমিটির তত্ত্বাবধান করবেন। পাশাপাশি নির্মাণের বাজেট সংগ্রহ এবং উপযুক্ত পরিচালক নির্বাচনের জন্য দলীয় নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। জগ্গা রেড্ডি জানান, চলচ্চিত্রটির প্রস্তুতি সম্পন্ন হলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ও টিপিসিসি সভাপতি মহেশ কুমার গৌড়কে আমন্ত্রণ জানানো হবে। তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ের সূচনা করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সোনিয়া গান্ধীর আত্মজীবনীর কপি কিনে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হবে, যাতে তারা তার জীবন ও অভিজ্ঞতা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন। সিনেমায় সোনিয়া গান্ধীর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা হিসেবে তার জীবনের নানা অভিজ্ঞতা স্থান পাবে এতে। পাশাপাশি ইন্দিরা ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর পরিবারের ওপর নেমে আসা বিপর্যয়, সোনিয়ার ব্যক্তিগত সংগ্রাম, সন্তানদের বড় করে তোলা এবং পরবর্তী সময়ে তার রাজনৈতিক জীবনে প্রবেশের ঘটনাও দেখানো হবে। জগ্গা রেড্ডির ভাষ্য, ভারতের মতো ধর্ম, বর্ণ ও ভাষার বৈচিত্র্যে ভরা দেশে সোনিয়া গান্ধী নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। কংগ্রেসের রাজনৈতিক কাঠামো ও কর্মকৌশল সম্পর্কে তার গভীর ধারণা ছিল বলেও মন্তব্য করেন তিনি। সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী না হওয়ার সিদ্ধান্তও সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। জগ্গা রেড্ডি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার প্রতি সোনিয়ার বিশেষ কোনো আগ্রহ ছিল না। রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী হলেও তিনি ওই পদে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেননি। পরবর্তী সময়ে সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) ক্ষমতায় আসার পর কংগ্রেস নেতারা তাকে প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরিবর্তে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেন। জগ্গা রেড্ডির মতে, সোনিয়ার এই সিদ্ধান্ত তার রাজনৈতিক জীবনের একটি ঐতিহাসিক অধ্যায়। এ ছাড়া মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (এমজিএনআরইজিএস) ধারণা তৈরিতে সোনিয়া গান্ধী, মনমোহন সিং ও রাহুল গান্ধীর ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে এখন পর্যন্ত সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী, শুটিং শুরুর নির্দিষ্ট তারিখ কিংবা মুক্তির সময়সূচি ঘোষণা করা হয়নি। এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ