1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি, ছয় জেলায় ৯৫ প্লাটুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তুতির প্রশংসায় আইএইএ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উন্মুক্ত, বিপুল জনসমাগম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে অগ্নিসংযোগ গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ খুলনায় বিএনপি নেতাকে গুলি গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তুতির প্রশংসায় আইএইএ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির পর্যালোচনায় কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশন পরিচালনা করে আইএইএ। ১৮ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জরুরি প্রস্তুতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে সংস্থাটি। মূল্যায়নে বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থার দুটি প্রধান শক্তিশালী দিক চিহ্নিত করেছে আইএইএর বিশেষজ্ঞ দল। প্রথমটি হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা সুসংগঠিত ব্যবস্থা। দ্বিতীয়টি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষজ্ঞ দল কেন্দ্রটির চিকিৎসাসেবা, মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরের প্রশংসা করেছে। প্রকল্পসংশ্লিষ্টদের তথ্যমতে, কেন্দ্রটির নিজস্ব বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি চিহ্নিত করেনি আইএইএ। শনিবার (২১ নভেম্বর) আইএইএর পর্যালোচনার ব্যাখ্যা দিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, এ মূল্যায়ন বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, অন-সাইট ব্যবস্থাপনার আওতায় কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের নিরাপত্তার বিষয়গুলো রয়েছে। অন্যদিকে, অফ-সাইট ব্যবস্থাপনা নির্ভর করে জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর। ড. জাহেদুল হাসান বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়; কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।’ তিনি আরও বলেন, আইএইএর সুপারিশের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করা। নিয়মিত প্রশিক্ষণ, প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এনপিসিবিএল। পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি। বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এই মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। সংশ্লিষ্টদের মতে, কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির এই সময়ে আইএইএর পর্যালোচনা রূপপুরের বিদ্যমান সক্ষমতার পাশাপাশি জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি আরও জোরদারের দিকনির্দেশনা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ