1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাগলা মসজিদের রেকর্ড, দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে যাচ্ছে ইরান, চিন্তায় পশ্চিমা বিশ্ব খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে গুলি বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব ফেরতের দাবিতে সংহতি সমাবেশ সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিটিং ঘিরে তোলপাড় গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে আজ যৌথ নদী কমিশনের বৈঠক টেক্সপ্রো ইকো অ্যাপারেলের সঙ্গে এনসিসি ব্যাংকের পেরোল চুক্তি গাজায় গণহত্যার পরও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করল ন্যাশনাল লাইফ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন

পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে যাচ্ছে ইরান, চিন্তায় পশ্চিমা বিশ্ব

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যে নিজেদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার আলোচনা শুরু করেছে ইরান। দেশটির দীর্ঘদিনের অবস্থান হলো, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক কাজে ব্যবহারের জন্য। তবে সাম্প্রতিক বক্তব্যে সেই নীতিতে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেননি ইরানের কর্মকর্তারা। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

শনিবার ইরানের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। সেই প্রয়োজন কীভাবে নির্ধারিত হবে, সেটিও বিবেচনায় নেওয়া হবে। তার এ বক্তব্যের পর ইরানের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে পরিবর্তন আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইরানের পারমাণবিক কর্মসূচি এখন অন্যতম প্রধান বিরোধের বিষয়। যুক্তরাষ্ট্রের দাবি, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে ইরানকে নিশ্চয়তা দিতে হবে যে দেশটি কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। অন্যদিকে নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আলোচনায় বসতে রাজি নয় তেহরান।

ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসাবিজ্ঞান ও কৃষি গবেষণার মতো বেসামরিক কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের কথা বলে আসছে দেশটি।

এ অবস্থানের পেছনে রয়েছে কয়েক দশক আগের একটি ধর্মীয় ফতোয়া। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করে ওই ফতোয়া দিয়েছিলেন।

তবে শান্তিপূর্ণ ব্যবহারের পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারও নিজেদের রয়েছে বলে দাবি করে আসছে ইরান। ১৯৭০ সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগ দেওয়ার পর থেকেই এ অধিকারকে নিজেদের অবিচ্ছেদ্য অধিকার বলে উল্লেখ করে আসছে দেশটি। এ বিষয়ে কোনো সমঝোতা হবে না বলেও একাধিকবার জানিয়েছে তেহরান।

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের ভেতরেই থাকবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ২০২৫ সালে, ওই বছরের জুনে ইসরাইলের হামলা শুরুর আগে, জানিয়েছিল যে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি (৯৭০ পাউন্ড) ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। ফলে ইরানের মজুত করা ইউরেনিয়াম সরাসরি অস্ত্র তৈরির উপযোগী নয়। তবে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে ৯০ শতাংশে পৌঁছানো তুলনামূলকভাবে অনেক দ্রুত সম্ভব। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত প্রায় ৩ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।

এই মজুতের ব্যবহার সম্পর্কে আরাগচি বলেন, ‘আমাদের প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করা হবে। সেই প্রয়োজন যেভাবেই নির্ধারিত হোক না কেন।’

সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট সদস্য ও সরকারি কর্মকর্তাদের মধ্যে পারমাণবিক নীতি পরিবর্তন নিয়ে চলমান বিতর্কের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, এ বিতর্কের দুই পক্ষেরই জোরালো যুক্তি রয়েছে।

আরাগচির ভাষায়, ‘এটি একটি বড় কৌশলগত বিতর্ক। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করায় কোনো সমস্যা নেই। কারণ, এর সঙ্গে সরাসরি জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয় জড়িত।’

তিনি বলেন, নীতি পরিবর্তনের পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি হলো, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বর্তমান নীতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে রক্ষা করতে পারেনি। গত বছর ও চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বাহিনী এসব স্থাপনায় হামলা চালিয়েছে।

তবে নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন আনা হলে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলেও স্বীকার করেন আরাগচি। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আমাদের আনুষ্ঠানিক অবস্থানও আগের মতোই রয়েছে।’

ইরানের অন্য কর্মকর্তারাও এ বিষয়ে নীতি পুনর্বিবেচনার সম্ভাবনার কথা বলেছেন। চলতি মাসের শুরুতে দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে আগের পারমাণবিক নীতি অনুসরণ করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

গত ১২ নভেম্বর ইরানের সর্বোচ্চ নেতা নিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অব এক্সপার্টস এক বিবৃতিতে জানায়, দেশের প্রতিরক্ষা নীতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় প্রতিরোধক্ষমতা গড়ে তোলা এখন অনিবার্য হয়ে পড়েছে।

জার্মান-ইরানি রাজনৈতিক বিশ্লেষক এবং সেন্টার ফর মিডল ইস্ট অ্যান্ড গ্লোবাল অর্ডারের (সিএমইজি) পরিচালক আলী ফাতোল্লাহ-নেজাদ আলজাজিরাকে বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের এ অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।

তার মতে, ইরানের কোনো শাসনব্যবস্থার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের অবস্থান সমর্থনের ঘটনা এবারই প্রথম।

১৯৭০ সালে এনপিটিতে যোগ দেওয়ার পর ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল ইরান। জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের ওই চুক্তি অনুযায়ী, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা অনেক কমিয়ে আনতে এবং আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ দিতে হয়েছিল।

কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটন ওই চুক্তি থেকে সরে যায়। এরপর ধীরে ধীরে পারমাণবিক কর্মসূচি জোরদার করে ইরান। একপর্যায়ে চুক্তির আওতায় আরোপিত বিধিনিষেধও আর মানেনি তেহরান।

২০২৫ সালের জুনে আইএইএর পরিচালনা পর্ষদ ঘোষণা করে, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা সুরক্ষাব্যবস্থা মেনে চলার ক্ষেত্রে ইরান তার অঙ্গীকার পূরণ করছে না। তবে তেহরান এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে। তাদের অভিযোগ, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অজুহাত তৈরি করতেই আইএইএ এ প্রতিবেদন দিয়েছে।

এর কয়েক দিন পরই ১২ দিনের যুদ্ধে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানসহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

চলতি বছরের মার্চে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরও ইরানের অন্তত ২০০ কেজি (৪৪০ পাউন্ড) সমৃদ্ধ ইউরেনিয়াম টিকে গেছে বলে ধারণা করা হচ্ছে। এসব ইউরেনিয়াম ইসফাহানের পারমাণবিক স্থাপনার ভেতরে বা আশপাশে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে।

পরে গ্রোসি জানান, ইরানের পারমাণবিক উপাদানের প্রকৃত পরিমাণ ও অবস্থান যাচাই করতে পারছে না আইএইএ। কারণ, এ বিষয়ে প্রয়োজনীয় প্রবেশাধিকার পাচ্ছে না সংস্থাটি।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেছে আইএইএ। যুক্তরাষ্ট্রও এ মাত্রাকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার প্রমাণ হিসেবে দেখছে।

গত মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রশ্ন তোলেন, পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা না থাকলে ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন কেন?

ভ্যান্স বলেন, ‘আপনি যদি পারমাণবিক অস্ত্র না চান, তাহলে ৬০ শতাংশ সমৃদ্ধ জ্বালানি কেন প্রয়োজন? আর পারমাণবিক অস্ত্র তৈরি করবেন না—এ বিষয়ে অঙ্গীকার দেখাতে চাইলে উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি তৈরি করবেন না। এটি খুবই মৌলিক একটি বিষয়।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না।

অন্যদিকে নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। দেশটির কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছেন।

গত সপ্তাহে এক ভাষণে ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরাইলকে ধ্বংস করতে চাওয়া ইরানি শাসকগোষ্ঠী আবারও তাদের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এই অস্তিত্বের হুমকি চিরতরে দূর করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ