নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চালকের বরাতে ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবেশে উঠে দুজন বাসে আগুন দিয়ে নেমে যায় বলে ধারণা করা হচ্ছে।
রোববার দিবাগত রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে বলে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জিল পরিবহনের হঠাৎ আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ডেইলি স্টারকে বলেন, 'বাসচালক বলেছেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই পেছন দিকে আগুন দেখতে পাওয়া যায়। চালকের ধারণা, যাত্রীবেশী ওই দুজন আগুন দিয়ে নেমে যান।'
তবে হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, 'বাসের দুজন যাত্রী নেমে যাওয়ার পর আগুন দেখা যায়। এটি অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে, তা নিয়ে তদন্ত চলছে।'