রাজধানীতে শুরু হওয়া ১৩তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। এবারের মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর দেশের এসএমই খাতের বিকাশ ও এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
প্রামাণ্যচিত্রে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে দেশে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেছিলেন। সেই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয় এবং এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী আয়োজনের বিশেষ অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান দেশের সামগ্রিক অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরেন। আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে এসএমই খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।