গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, মিছিল ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সরেজমিনে গোপালগঞ্জ শহর ও আশপাশের অন্তত ৩৫ কিলোমিটার এলাকায় এমন চিত্র দেখা গেছে।
শহরের গুরুত্বপূর্ণ মোড়, অলিগলি, মহাসড়ক ও আশপাশের ইউনিয়নগুলোতে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সড়কে গাছ ফেলে ও কোথাও আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। বিভিন্ন স্থানে মাইক বাজিয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
এ ছাড়া টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কের নীলফা বাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ করা হয়।
অন্যদিকে, খুলনা-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ অংশের অন্তত ২৫টি স্থানে অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মোল্লাহাট থেকে হরিদাসপুর সেতু পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে শতাধিক গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের মিয়াপাড়া এলাকায় পাঁচ শতাধিক নেতাকর্মী সড়ক অবরোধ করেন। তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, গাছের ডাল, লাঠি ও দেশীয় অস্ত্র। কয়েকজনের হাতে বল্লম ও ঢালও দেখা গেছে।
বিক্ষোভের পাশাপাশি কিছু স্থানে উৎসবের আমেজও ছিল। আন্দোলনকারীদের জন্য খিচুড়ি রান্না করে বিতরণ করা হয়। তবে পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে।
শহরের প্রধান সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষের চলাচল তেমন দেখা যায়নি। দোকানপাট, কাঁচাবাজার ও অধিকাংশ কুরিয়ার সার্ভিস বন্ধ রয়েছে। শহরের প্রায় সব দোকানই বন্ধ ছিল। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটেও তালা ঝুলতে দেখা যায়।
সরকারি অফিসগুলোর অধিকাংশ কলাপসিবল গেট টেনে বন্ধ রাখা হয়। কিছু কর্মকর্তা-কর্মচারী অফিসে এলেও তাদের উপস্থিতি ছিল খুবই কম।
শহরের একটি সরকারি ব্যাংকের ব্যবস্থাপক দ্য ডেইলি স্টারকে জানান, তাদের ১৮ জন কর্মীর মধ্যে আজ ছয়জন অফিসে এসেছেন। দুজন আগে থেকেই ছুটির আবেদন করেছিলেন। তিনজন সকালে অসুস্থতার কথা জানিয়ে অফিসে আসেননি।
বাকিরা সড়ক অবরোধের কারণে আসতে পারেননি বলে জানান তিনি।
শহরের ডিসট্রিক্ট কমপ্লেক্স রোডে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শেখ মো. আবু মুসা ডেইলি স্টারকে বলেন, আমার ব্যাংকে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। তাদের মধ্যে দুজন রিক্রিয়েশন ছুটিতে আছেন। বাকিরা অফিসে এসেছেন।
তিনি বলেন, সাধারণত ব্যাংকে প্রতিদিন ৩০০ জনের বেশি গ্রাহক আসেন। আজ দুপুর ২টা পর্যন্ত মাত্র দুজন গ্রাহক এসেছেন।
অন্যদিকে, আজ দুপুর দেড়টা পর্যন্ত কোথাও সহিংসতা, হামলা বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।
আন্দোলনকারীদের অবস্থান করা কয়েকটি মোড়ের আশপাশে ছোট খাবারের দোকান খোলা থাকলেও অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। দুয়েকটি ওষুধের দোকান খোলা দেখা যায়।
শহরের একটি ওষুধের দোকানের মালিক লোকমান হোসেন বলেন, ‘পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে নিষেধ করেছিলেন। কিন্তু আমার দোকানে নিয়মিত কিছু রোগী ওষুধ কিনতে আসেন। তাদের কথা চিন্তা করে দোকান খুলেছি।’
এদিকে, গোপালগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তরুণ কান্তি মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আগেই বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিদ্যালয় বন্ধ রাখা হয়।
গোপালগঞ্জ এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা চলছিল। আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পৌর এলাকার কয়েকটি কিন্ডারগার্টেনসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
কোটালীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, উপজেলার কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিল এবং ক্লাস হয়েছে। তবে স্থানীয়দের সুপারিশে একটি বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে শিক্ষকরা জানিয়েছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছিল।
আজ দুপুর পর্যন্ত শহর ও আশপাশের প্রায় ৩৫ কিলোমিটার সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। খুদে বার্তা পাঠানো হলেও তিনি জবাব দেননি।
(এই প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন দ্য ডেইলি স্টারের গোপালগঞ্জ সংবাদদাতা)