গোপালগঞ্জে যানবাহন ভাঙচুর ও পাথর নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা।
বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জে যানবাহনে হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিপাকে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকে বাস টার্মিনালে এসে জানতে পারেন, তাদের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।
পরিবহনসংশ্লিষ্টরা জানান, কিছু বাস যশোর-মাগুরা হয়ে বিকল্প পথে চলাচল করছে। তবে এতে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে।
বুধবার সন্ধ্যায় খুলনা নগরীর সাধারণত ব্যস্ত রয়্যাল মোড় এলাকায় যাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম। বাসের টিকিট কাউন্টারগুলোও প্রায় ফাঁকা দেখা যায়।
সোহাগ, গ্রিন লাইন ও গোল্ডেন লাইনসহ কয়েকটি বড় পরিবহন প্রতিষ্ঠান তাদের নির্ধারিত বাসযাত্রা বাতিল করেছে। কাউন্টারের কর্মীরা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত জানান, পারিবারিক কাজে চার দিন আগে তিনি খুলনায় এসেছিলেন। বুধবার তার ঢাকায় ফেরার কথা ছিল।
তিনি বলেন, 'দুই দিন পর আমার পরীক্ষা। কিন্তু এখন কীভাবে ঢাকায় ফিরব, বুঝতে পারছি না।'
ঢাকার নাখালপাড়া এলাকার বাসিন্দা রুবেল জানান, দাপ্তরিক কাজে তিনি খুলনায় এসেছিলেন। বাস চলাচল বন্ধ থাকায় তাকে আবাসিক হোটেলে থাকতে হচ্ছে।
রুবেল বলেন, 'এখানে আমার কোনো আত্মীয়স্বজন নেই। তাই বাধ্য হয়ে হোটেলে থাকতে হচ্ছে। এতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।'
সোহাগ পরিবহনের টিকিট বিক্রয় কর্মকর্তা আবদুল হান্নান জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে প্রচলিত পথে খুলনা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.