সবশেষ ১১ ইনিংসে ফিফটি স্রেফ একটি, তবু মুশফিকের রহিমের ওপর পূর্ণ বিশ্বাস রাখছেন বাংলাদেশ অধিনায়ক।
মুশফিকুর রহিম। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
প্রথমবার প্রথম বলেই আউট হয়ে বাড়ালেন দলের বিপদ। দ্বিতীয় ইনিংসে ঘণ্টাখানেক ক্রিজে কাটিয়েও ড্রেসিং রুমে ফিরলেন অহেতুক বেরিয়ে এসে ক্যাচ দিয়ে। পরপর দুই ইনিংসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় মুশফিকুর রহিমকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রশ্ন উঠছে, একাদশে তার পরিবর্তে জাকের আলিকে সুযোগ দেওয়ার ব্যাপারে। তবে অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে সংশয় নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংস মিলিয়ে মুশফিকের সংগ্রহ ২২ রান। প্রথম ইনিংসে খালি হাতে ফেরার পর দ্বিতীয়বার তার সামনে সুযোগ ছিল বড় কিছু করার। সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছে দলের চাহিদাও ছিল বেশি। কিন্তু সেগুলোর কিছুই পূরণ করতে পারেননি ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান।
ম্যাচের শেষ দিন উইকেটে এক ঘণ্টা কাটিয়ে ফেললেও ব্যাটিংয়ে পুরোটা সময় ছিলেন নড়বড়ে। ব্যাটের কানায় লেগে পান একাধিক বাউন্ডারি। পানি বিরতির হুট করেই যেন মাথায় কিছু ভর করল তার। সাইমন হার্মারের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে ডিফেন্ড করতে গিয়ে গ্লাভস-প্যাড হয়ে তিনি ধরা পড়েন শর্ট লেগে।
শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মুশফিকের ফেরার পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ইনিংস। পরে প্রথম সেশনেই ৯ উইকেটের পরাজয়ে শেষ হয় ম্যাচ।
গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের পর থেকে বড় ইনিংসের খরা মুশফিকের ব্যাটে। এই সময়ে ১১ ইনিংস খেলে স্রেফ একটি পঞ্চাশ করতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান। সব মিলিয়ে ২৯.৯০ গড়ে তার সংগ্রহ ২৯৯ রান।
জোহানেসবার্গ টেস্টের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল, মুশফিককে বাইরে রেখে জাকের অথবা বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নেওয়ার সাহস দেখাতে পারত কিনা বাংলাদেশ। উত্তরে শুরুতেই সাহসের প্রমাণ দেখান শান্ত।
“আমরা টসে জিতে ব্যাটিং করেছি, এটাই অনেক বড় সাহসের ব্যাপার। এই ধরনের কন্ডিশনে মনে পড়ে না যে, কখনও আমরা করেছি কিনা। এটা একটা বড় সাহসের সিদ্ধান্ত। সাহসের কোনো সমস্যা না।”
পরে মুশফিকের সঙ্গে জাকেরের তুলনার বিষয়টিই উড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক।
“জাকের টেস্ট ক্রিকেটে যে কয়টা ম্যাচ খেলেছে, খুব ভালো ক্রিকেট খেলেছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কার সঙ্গে আপনি কাকে তুলনা করছেন। আশা করি, জাকের যখন ১০০ টেস্ট খেলবে, ইনশাআল্লাহ মুশফিক ভাইয়ের চেয়েও ভালো করবে।
“এখন পর্যন্ত মুশফিক ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু করেছেন বা এখনও যেভাবে করছেন, আমার বিশ্বাস উনার অনেক কিছু দেওয়ার বাকি আছে এখনও। দিনের পর দিন যেভাবে পরিশ্রম করে খেলেন ও বিশেষ করে কঠিন সময়ে রান করে। দল যখনই বিপদে পড়ে, উনি বড় রান করেন বা দলের জন্য ভালো স্কোর করেন। ব্যক্তিগতভাবে আমার কোনো সংশয় নেই এবং আমি বিশ্বাস করি যে, উনি যতদিন খেলবেন দলের উপকার হবে। আর যখন জাকের আলির সুযোগ আসবে, ও সেভাবে অব্যাহত রাখবে।”
সবশেষ কয়েক ম্যাচে বড় স্কোর না পেলেও, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে সব মিলিয়ে মুশফিকের পরিসংখ্যান দারুণ। এখন পর্যন্ত খেলা ১৫ ইনিংসে ৫০.০৭ গড়ে তার সংগ্রহ ৭০১ রান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার গড়ই সবচেয়ে বেশি।
এছাড়া চলতি বছরেও জোহানেসবার্গ টেস্ট শুরুর আগে তার গড় ছিল ৪৪-র বেশি। তাই মুশফিকের প্রতি আস্থার কমতি নেই শান্ত। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, পরের টেস্টেই ঘুরে দাঁড়াবেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
“মুশফিক ভাইয়ের কথা বলব, (টেস্ট চ্যাম্পিয়নশিপের) এই চক্রে অনেক ভালো ক্রিকেট খেলছেন। এই বছর প্রায় ৪৪ গড়ে ব্যাটিং করছেন। শুধু ব্যাটিং না ব্যাটিংয়ের পাশাপাশি আরও অনেক কিছু থাকে ড্রেসিংরুম বলেন বা মাঠের মধ্যে বলেন, উনার অভিজ্ঞতাটা অনেক কাজে লাগে।
“মুশফিক ভাইকে নিয়ে আমার মধ্যে একদম কোনো সংশয় নেই। আমি জানি, পরের ম্যাচে উনি আরও ভালোভাবে কামব্যাক করবেন।”
প্রথম টেস্টে মুশফিকের মতোই হতাশ করেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয়বার ১ রানের বেশি করতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার মাঠে বাঁহাতি ব্যাটসম্যানের গড় এখন স্রেফ ১০.৬০!
এই সংস্করণে সব মিলিয়ে সবশেষ ১০ ইনিংসে ফিফটি নেই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যানের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রেও ভালো নয় তার পরিসংখ্যান। এখন পর্যন্ত খেলা ১৫ ইনিংসে ২৮.২১ গড়ে তার সংগ্রহ ৩৯৫ রান।
মুমিনুলকে নিয়েও দুর্ভাবনার কিছু দেখেন না শান্ত।
“মুমিনুল ভাই… হ্যাঁ অবশ্যই বাইরে একটু ভুগছেন। তবে আমাদের যে দল, উনার যে অভিজ্ঞতা, অবশ্যই এটা কাজে দেবে। উনি মানসিকভাবে খুবই শক্ত। তো আমি বিশ্বাস করি যে, এতদিন যেটা হয়নি, পরের ম্যাচে ইনশাআল্লাহ উনি ভালো কিছু করবেন।”
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?