সমস্যাগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পুনর্গঠন, উদ্ধার এবং প্রয়োজনে নিয়মতান্ত্রিক অবসায়নের (লিকুইডেশন) অর্থায়নে ৩০ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকার একটি পৃথক 'ব্যাংক রেজল্যুশন ফান্ড' গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। সংশ্লিষ্ট বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় ব্যাংক এই তহবিলের সিংহভাগ অর্থ বন্ড ছাড়ার মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা করেছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও নির্দিষ্ট হারে এতে অর্থ জমা দিতে হবে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই তহবিলের নীতিগত অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক তহবিলটি পরিচালনার জন্য একটি পৃথক ব্যাংক হিসাব খোলারও পরিকল্পনা করছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংকট মোকাবিলার জন্য একটি নিজস্ব অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, যাতে ব্যাংক একীভূতকরণ, পুনর্গঠন কিংবা অবসায়নের ক্ষেত্রে সাধারণ করদাতাদের অর্থের ওপর নির্ভরতা কমে আসে।
সভায় উপস্থিত বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা টিবিএসকে জানান, ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট এই তহবিল গঠনের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে কাজ করছে। 'ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬'-এর আওতায় পৃথক বিধি ও নীতিমালা প্রণয়ন করা হবে; যার মাধ্যমে তহবিল কীভাবে গঠিত হবে, এর অর্থায়ন ও ব্যবহারের প্রক্রিয়া কী হবে এবং ব্যবস্থাপনা কাঠামো ও অর্থ ছাড়ের শর্তাবলি নির্ধারণ করা হবে।
এর আগে টিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, প্রস্তাবিত এই তহবিলের আকার হতে পারে ৩০ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকা।
বর্তমানে ব্যাংকগুলো তাদের মোট আমানতের ওপর শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ হারে বার্ষিক আমানত বিমা প্রিমিয়াম পরিশোধ করে। নতুন ব্যবস্থার আওতায় এই প্রিমিয়ামের হার বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক জানান, ব্যাংক রেজল্যুশন একটি চলমান প্রক্রিয়া। ইতিমধ্যে পাঁচটি ব্যাংককে একীভূতকরণের প্রক্রিয়ায় আনা হয়েছে এবং পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, অর্থায়নের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল এবং অর্থ পাওয়া গেছে; শিগগিরই সংশ্লিষ্ট কার্যক্রম শুরু হবে।
তিনি আরও যোগ করেন, ব্যাংক রেজল্যুশন বিভাগ নিয়মিতভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে, আর্থিক দুর্বলতার প্রাথমিক লক্ষণ শনাক্ত করবে এবং প্রয়োজনে পুনর্গঠন, একীভূতকরণ কিংবা নিয়মতান্ত্রিক অবসায়নের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেবে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) রেজল্যুশন কাঠামোর আদলে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে ব্যাংকগুলো তাদের মোট আমানতের প্রায় ১ শতাংশ একটি পৃথক উদ্ধার তহবিলে জমা রাখে। খাতভিত্তিক স্থিতিশীলতার জন্য একটি স্বাধীন আর্থিক সুরক্ষা বলয় গড়ে তোলাই এর উদ্দেশ্য।
তহবিল ব্যবস্থাপনার জন্য পৃথক বিধিমালা
'ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬'-এর অধীনে প্রস্তাবিত তহবিলের অর্থ সংগ্রহ ও ব্যবহারের নিয়ম নির্ধারণে পৃথক বিধিমালা তৈরি করবে বাংলাদেশ ব্যাংক। এই পরিকল্পনায় বন্ড ইস্যুর পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জমার অর্থ থেকে তহবিলের বড় অংশ সংগ্রহ করা হবে। নতুন বিধিমালার মাধ্যমেই জমার হার, সংগ্রহের প্রক্রিয়া ও অর্থ ব্যবহারের শর্ত নির্দিষ্ট করা হবে।
এর আগে 'ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫'-এ ব্যাংক পুনর্গঠন ও নিষ্পত্তির কার্যক্রম অর্থায়নে একটি পৃথক তহবিল গঠনের বিধান রাখা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, সতর্ক ও নিরাপদ বিনিয়োগ কৌশলের আওতায় তহবিলের অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে। তফসিলি ব্যাংকগুলোর রেজল্যুশন কার্যক্রমে অর্থায়ন, পরিচালনা, প্রশাসন ও তদারকির নিয়মাবলি ঠিক করবে বাংলাদেশ ব্যাংক।
উদ্যোগটিকে স্বাগত জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, এটি করদাতাদের ওপর আর্থিক বোঝা কমাবে। তিনি উল্লেখ করেন, ২০০৭ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এই ধরনের তহবিল ব্যবস্থা চালু করা হয়েছিল।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ। তবে তিনি সতর্ক করে বলেন, খেলাপি ঋণ বৃদ্ধি, আইনের দুর্বল প্রয়োগ এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে সুশাসন, স্বচ্ছতা ও তদারকি জোরদার না করা হলে এই তহবিল কেবল একটি প্রতীকী উদ্যোগে পরিণত হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, প্রস্তাবিত প্রিমিয়ামের হার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ১ শতাংশ মানদণ্ডের তুলনায় বেশ কম, যা সংকটের সময়ে এই তহবিল পর্যাপ্ত হবে কি না তা নিয়ে প্রশ্ন তোলে।
অন্যদিকে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এই উদ্যোগকে ইতিবাচক ও প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বৈশ্বিক সেরা চর্চার ওপর ভিত্তি করে গঠিত এমন একটি রেজল্যুশন তহবিল আর্থিক স্থিতিশীলতা বাড়াবে এবং জনগণের করের টাকার ওপর নির্ভরতা কমিয়ে আনবে।
দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সহায়তা
ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে বড় ধরনের পদক্ষেপ গ্রহণের মধ্যেই এই রেজল্যুশন তহবিল গঠনের প্রক্রিয়া শুরু হলো।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের লক্ষ্যে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এতে সরকার ২০ হাজার কোটি টাকার জোগান দিয়েছে—যার মধ্যে ১০ হাজার কোটি টাকা নগদে এবং ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে দেওয়া হয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে ব্যাংকের মূলধনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া একীভূত হওয়া ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ পরিশোধ সহজ করতে বাংলাদেশ ব্যাংক তার আমানত সুরক্ষা তহবিল থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা সরবরাহ করেছে।
এদিকে অবসায়নের মুখে থাকা আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের পাওনা পরিশোধে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি ব্যক্তি আমানতকারী সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত পাওয়ার যোগ্য হবেন। পাঁচটি প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতের মোট পরিমাণ প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা। সরকারের জোগান দেওয়া তহবিলের মাধ্যমে এই আমানত পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.