যোগ্য মধ্যস্থতাকারী এবং আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে মানুষ মামলার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেন বলেও মনে করেন মো. আসাদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
আদালতে মামলার জট কমাতে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও জাইকার মধ্যে ‘অ্যাকসেস টু জাস্টিস’ প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়।
সম্মেলনে আইনমন্ত্রী বলেন, “ন্যায়বিচার পাওয়া কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) অগ্রাধিকার দিয়েছে।”
লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধগুলো দ্রুত, শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
একটি পাইলট প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে আসাদুজ্জামান বলেন, “যোগ্য মধ্যস্থতাকারী এবং আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে হাজার হাজার মানুষ মামলার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেন। পারিবারিক ও দেওয়ানি বিরোধের একটি বড় অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এতে নতুন মামলা কমার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমছে।”
বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে এ আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যেন বাংলাদেশের বিচারিক বা আইনি প্রক্রিয়ায় অযথা হয়রানির শিকার না হন এবং আইনি প্রক্রিয়ার কোনো অপব্যবহার না হয়, তা নিশ্চিত করা হবে।”
‘অ্যাকসেস টু জাস্টিস’ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মহাপরিচালক মনজুরুল হোসেন এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বক্তব্য দেন।
প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো অনুষ্ঠানে প্রকল্পের অর্জন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। সম্মেলনে জেলা জজ, লিগ্যাল এইড অফিসার, আইনজীবী ও জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?