প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের একটি দল প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও পুরোনো নথিপত্র যাচাই-বাছাই করে।
দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে গিয়ে দুদক কর্মকর্তারা টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান এবং কেনাকাটাসংক্রান্ত পুরোনো নথিপত্র ও রেকর্ডপত্র খতিয়ে দেখেন। এসব খাতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, নথিপত্র যাচাই-বাছাই শেষে অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যাচাইয়ের পর তারা এ বিষয়ে কমিশনে প্রতিবেদন পাঠাবেন।