সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২১ নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত প্রায় ৪০ দিনের এ কর্মসূচিতে বিজয়ের মাস ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি ও সামাজিক কর্মসূচিও রয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ২১ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ২৫ নভেম্বর ঢাকার বাইরে ১১টি মহানগরে, ২৬ নভেম্বর সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে একই দাবিতে সমাবেশ ও মিছিল করবে দলটি।
গোলাম পরওয়ার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও লোডশেডিং এবং গণভোটের রায় কার্যকর না করে বিরোধী দলকে পাশ কাটিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘আমরা জনগণকে নিয়েই ফ্যাসিবাদকে প্রতিহত করব। ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের বড় শক্তি।’
সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রসঙ্গে পরওয়ার বলেন, জুলাইয়ে যে ইস্যুতে দলগুলো এক মঞ্চে এসেছিল, সেই জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার বাস্তবায়নে সরকারকে আগে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার ভাষায়, ‘এক মঞ্চ হতে গেলে যে কারণে জুলাইয়ে এক মঞ্চ হয়েছিল, সেই কারণটা আগে সমাধান করতে হবে।’
জামায়াতের কর্মসূচির মধ্যে ২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট নিরসনে আলোচনা সভা এবং ৬, ৯ ও ১০ ডিসেম্বর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা রয়েছে। ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৫ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভা করবে দলটি। ১৬ ডিসেম্বর সারা দেশে বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া হবে।
এ ছাড়া ১৯ ডিসেম্বর শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া এবং ২০, ২১ ও ২৩ ডিসেম্বর চিকিৎসক, প্রকৌশলী ও মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা হবে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।
এদিকে দেশে সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
ওই দিন বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে নেতারা বলেন, দেশজুড়ে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও পাল্টা হামলার ঘটনায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পলাতক ফ্যাসিবাদীদের উসকানিতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তাঁরা।
এছাড়া আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিসের ঢাকা মহানগরী শাখার বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব আহমদ আব্দুল কাদের অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, ‘২৪-এ যারা মাঠে ছিল, আমরা সকলে মাঠে আছি। বাংলার জনগণ এখনো সজাগ রয়েছে।’
আহমদ আব্দুল কাদের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া, ফ্যাসিস্ট অপশক্তির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং দণ্ড কার্যকরের দাবি জানান। তিনি সরকারের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে স্বাগত জানান।