1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিক্ষোভ-অবরোধে স্থবির গোপালগঞ্জ গোপালগঞ্জে যানবাহনে হামলার জেরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ ছয় দিনে ২১ জেলায় সহিংসতা, তাণ্ডব; সবচেয়ে বেশি গোপালগঞ্জে, তিন জেলায় নিহত ৪ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু মুশফিকের চেয়ে জাকের শ্রেয়? যা বললেন শান্ত ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-পুতিন-শি’র ৪ দফা যৌথ ‘শান্তি ঘোষণা’ সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারকে দ্রুত আইসিজের আদেশ বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের অনুমোদন পেল ব্যাংক রেজল্যুশন ফান্ড; অর্থের বড় অংশ আসবে বন্ড থেকে চুয়াডাঙ্গায় পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন

ছয় দিনে ২১ জেলায় সহিংসতা, তাণ্ডব; সবচেয়ে বেশি গোপালগঞ্জে, তিন জেলায় নিহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

১৪ থেকে ১৯ নভেম্বর, ছয় দিনে দেশের অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে গোপালগঞ্জে। সেখানে তিন সংসদ সদস্যের বাড়ি, দুটি থানা, একটি হাসপাতাল, ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একই সময়ে রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন এবং বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় তিন জেলায় প্রাণ গেছে চারজনের।

রাজধানী ঢাকার সহিংসতার চিত্রও উদ্বেগজনক। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনে রাজধানীতে ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর ডিএমপির হিসাবে, সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ঢাকায় ১৬টি বাসে আগুন দেওয়া হয়েছে।

এই সহিংসতায় একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ উঠেছে, অন্যদিকে হামলা ও অগ্নিসংযোগের লক্ষ্যবস্তু হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও। ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চু ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ ও ১৮ নভেম্বরের সহিংসতায় চারজন নিহত হন। তাদের মধ্যে নড়াইলে বিএনপির দুই নেতা, ফরিদপুরে কৃষক দলের এক নেতা এবং পিরোজপুরে বাসের এক সহকারী রয়েছেন।

১৮ নভেম্বর ডিসেম্বর মাসে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধারের তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, 'গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখে একটি সংগঠিত গোষ্ঠী নাশকতার পরিকল্পনা করছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করছে।'

গোপালগঞ্জে তিন এমপির বাড়ি ও দুই থানায় আগুন ১৪ নভেম্বরের পর থেকে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে শহরে মিছিল, সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। পুলিশ বক্স, সাঁজোয়া যান ও স্মৃতিস্তম্ভের নামফলক ক্ষতিগ্রস্ত হয়।

১৭ নভেম্বর সন্ধ্যায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালান। একপর্যায়ে থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। থানা ভবন, পুলিশ ব্যারাক এবং ভেতরে থাকা যানবাহনে আগুন দেওয়া হয়। আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়া এবং অস্ত্র লুটের অভিযোগও ওঠে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তার আত্মীয়স্বজনের বাড়িতেও আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রের তথ্যমতে, সংসদ সদস্যের বাড়িসহ অন্তত ১৫টি বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।

বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা হয়। হাসপাতালের প্যাথলজি, রিসেপশন ও ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। হাসপাতালে প্রসূতি, অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন রোগী ও নবজাতক থাকায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে হাসপাতাল ছেড়ে চলে যান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। থানা চত্বরে পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া যায়। মুকসুদপুরের একটি গ্রামীণ ব্যাংক শাখা এবং উপজেলা বিএনপি কার্যালয়েও হামলা ও ভাঙচুর হয়।

২১ জেলায় নাশকতা, চারজন নিহত ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় নাশকতা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল ফরিদপুর, নড়াইল ও পিরোজপুরের হামলা।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ চলাকালে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) গুরুতর দগ্ধ হন। পরে তার মৃত্যু হয়। একই এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের খবর পাওয়া যায়।

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় বিএনপিসংশ্লিষ্ট সংগঠনগুলোর মোটরসাইকেল মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় কৃষকদলের নেতা শাহিনুর শেখ (৪৫) এবং জাসাস নেতা সোহেল মোল্লা (৩৫) নিহত হন।

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে ১৮ নভেম্বর ভোরে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় 'দুর্বৃত্তরা'। একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সহকারী মোহাম্মদ সিয়াম (২৫) দগ্ধ হয়ে মারা যান। পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে পারেনি।

এ ছাড়া কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। রূপগঞ্জে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির পাশের এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল ও এরিয়া অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়। খুলনায় দোকান ও একটি যুব উন্নয়ন সংঘে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। নেত্রকোনায় বিএনপি কার্যালয়, দোকান এবং রেললাইন ও রেলস্টেশনের অংশে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর, মেহেরপুর ও কক্সবাজারেও বাস, যানবাহন, রাজনৈতিক কার্যালয় বা পুলিশের স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঢাকায় সাচ্চু-নিখিলের বাড়িতে হামলা রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে গতকাল বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুলের উত্তর ইব্রাহিমপুরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ২০ থেকে ২৫ জনের একটি দল বাড়িতে ঢুকে ভাঙচুর করে। গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফায় আগুন দেওয়া হয়। কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

একই দিন রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাড়িতে হামলা হয়। স্থানীয় সূত্রের দাবি, ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল বাড়ির নিচতলায় থাকা তার কার্যালয়ের কাচ ভাঙচুর করে। পরে ভেতরের আসবাব ও ক্রেস্টে আগুন দেওয়া হয়।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ হামলার ঘটনা স্বীকার করে বলেন, 'যুবলীগের সাধারণ সম্পাদকের কর্মকাণ্ডের প্রতিবাদে তারা এ পদক্ষেপ নিয়েছেন।'

তবে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, 'এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।'

চট্টগ্রামে ইউনূসের বাড়ি, বরিশালে নানকের বাসায় আগুন চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় ড. মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়ি 'নিরিবিলি'র একাংশে গতকাল রাত ১১টার দিকে আগুন দেয় 'দুর্বৃত্তরা'। চারতলা বাড়িটির পূর্ব পাশের নিচতলার একটি অব্যবহৃত অংশে আগুন দেখতে পেয়ে টহল পুলিশ সদস্যরা তা নেভান। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, ওই অংশে ১০ থেকে ১৫ বছর ধরে কেউ বসবাস করেন না। সেখানে পুরোনো আসবাব ও কাপড়চোপড় রাখা ছিল। আগুনের সূত্রপাত কীভাবে, তা তদন্ত করা হচ্ছে।

একই দিন ভোররাতে বরিশাল নগরের বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পৈতৃক বাড়িতে হামলা হয়। ভোর ৪টার দিকে বিক্ষুব্ধ লোকজন বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করেন। পরে নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনের কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়। এতে নিরাপত্তাকর্মীর কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

পটুয়াখালীতে সাত নেতার বাড়িতে হামলা গতকাল রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পটুয়াখালী শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত সাত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

হামলার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়া।

একই দিন দক্ষিণ সবুজবাগ এলাকায় কাজী আলমগীরের বাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোলাম সরোয়ারের পুরান বাজারের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আফজাল হোসেনের চারতলা ভবনের সামনে কয়েক দফা আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে ভাড়াটিয়াদের তৎপরতায় আগুন ভবনের ভেতরে ছড়ায়নি। সৈয়দ সোহেলের বাড়িতেও হামলা হয়। খলিলুর রহমান মোহন মিয়ার গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়ার বাড়িতেও আগুন দেওয়ার চেষ্টা হয়।

রাজধানীতে গ্রেপ্তার অভিযান সহিংসতা ও নাশকতার অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান চলছে। ডিএমপির তথ্য অনুযায়ী, ১৮ থেকে ১৯ নভেম্বরের ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও রয়েছেন। উত্তরার দুটি ভিন্ন বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ