: বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় থেকে অনেকটা সময় দূরে আছেন। এখন অভিনয়ে একরকম অনিয়মিতই বলা যায়। নিজের মনমতো জীবনযাপন করে চলেছেন তিনি। তবে ভ্রমণবিলাসী অভিনেত্রী। তার এই জীবনের বড় একটি অংশ জুড়ে আছে ভ্রমণ।
দেশ-বিদেশের নানা জায়গা ঘুরে বেড়ান তিনি। কখনো পরিবার, কখনো বন্ধুদের নিয়ে, আবার কখনো একাই বেরিয়ে পড়েন অচেনা কোনো এক সমুদ্রসৈকতে। তবে অভিনেত্রীর পথচলায় তার ভক্ত-অনুরাগীদের সেসব জানাতে ভুল করেন না। সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব উপস্থিতি রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন প্রভা। সেই পোস্টে দেখা যায়, এমন একটি স্থানে ঘুরতে গেছেন তিনি, যেখানে প্রকৃতি ও ঐতিহ্যের সম্মিলন ঘটেছে। কালো পোশাক আর কালো সানগ্লাসে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী প্রভা।
কিন্তু কোথায় ঘুরতে গেলেন অভিনেত্রী? এমন প্রশ্নোত্তরে জানা গেল তার বার্তা। এ মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছেন প্রভা। তার পোস্ট করা ছবিগুলোই প্রমাণ দিচ্ছে দেশটির বিখ্যাত স্থান ‘নাইন আর্চ ব্রিজ’-এ তোলা।
শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝে অবস্থিত এ সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন প্রভা।
একটি সূত্র জানায়, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ঘুরতে যান সাদিয়া জাহান প্রভা। ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিওবার্তা দিয়ে জানান অভিনেত্রী, একাই ঘুরে গেছেন সেখানে।
সেই ভিডিওবার্তায় প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে— একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কীভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এ রকম হয়। আর আমার বন্ধুগুলো একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তা ছাড়া ১০০ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’