পাবনার চাটমোহরে সার লুটের ঘটনায় সব ডিলারের গুদামে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সার মনিটরিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারের সুশৃঙ্খল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, এখন থেকে জেলায় টিনশেড বা অস্থায়ী কোনো সার গুদাম রাখার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি কৃষকেরা যাতে প্রয়োজনমতো যেকোনো সময় সার কিনতে পারেন, সে জন্য ডিলারদের দোকান প্রতিদিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ছাইকোলা বাজার এলাকায় সার ডিলার প্রবীর কুমার পালের গুদাম থেকে সার বিতরণের সময় হট্টগোলের সৃষ্টি হয়। ১৭০ বস্তা সার বিতরণের পর ক্ষুব্ধ কৃষকরা টিনশেড গুদামটি ভেঙে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যান।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলারের ম্যানেজার নিরঞ্জন কুমার মামলা করেন। আজ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
‘তবে নিরীহ কোনো কৃষককে হয়রানি করার ইচ্ছা আমাদের নেই। আমরা প্রকৃত অপরাধীদের খুঁজছি,’ বলেন তিনি।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক ডেইলি স্টারকে জানান, নিরীহ কৃষকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ছাইকোলা এলাকার গুদামটি টিনশেড হওয়ায় সহজেই ভাঙচুর করা সম্ভব হয়েছিল। এটি তাদের জন্য বড় একটি শিক্ষা। নিরাপত্তা জোরদার করতেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা সার মালিক সমিতির সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, আমরা সরকারের বরাদ্দ অনুযায়ীই সার সরবরাহ করছি। গুদামে সার না থাকলে প্রতিদিন দোকান খোলা রাখা অসম্ভব। তা ছাড়া এ ধরনের ঘটনায় ডিলাররা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া ব্যবসা পরিচালনা করা খুবই কঠিন।
এদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আজ তদন্ত শুরু করেছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।