‘নৃপতি’ মঞ্চনাটকের দৃশ্য। ছবি: নাট্যদলের সৌজন্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
‘নান্দনিক’ নাট্য সম্প্রদায়ের ৪৯তম বার্ষিকী ঘিরে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে নাট্যদলটি।
‘৪৯ বছর পূর্তি উৎসব’ শিরোনামের এই আয়োজনে মঞ্চ নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী হবে।
বিজ্ঞপ্তিতে নাট্যদলটি জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হবে এই উৎসব। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’। পরদিন শুক্রবারও একই স্থানে সন্ধ্যা ৬টায় রয়েছে নাটকটির আরও একটি প্রদর্শনী। নাটকটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজ্জা।
দ্বিতীয় দিন শুক্রবার 'নৃপতি' নাটকের পর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন যাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’ ।
আ মা ম হাসানুজ্জমানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।
দুই দিনব্যাপী এই উৎসব নিয়ে নান্দনিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, "নানা চড়াই-উতরাই পেরিয়ে আমরা ৪৯ বছরের এই দীর্ঘ পথ অতিক্রম করেছি। নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার আমার সবার প্রাণে এই প্রতিপাদ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
“বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অংশীদার হতে চাই। নাটকের মাধ্যমে সমাজজীবনের সকল জটিলতাকে ছিন্ন করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের কর্তব্য।"
থিয়েটার চর্চায় নান্দনিক নাট্য সম্প্রদায় গুরুত্ব দিয়েছে ঐতিহাসিক ও রাজনীতিসচেতন বিভিন্ন মঞ্চনাটকের ওপর।
নান্দনিকের প্রথম নাটক ‘আমার সোনার হরিণ চাই’। এরপর একে একে দলটি মঞ্চে এনেছে ‘রক্তকরবী’, ‘শাস্তি’, ‘নৃপতি’, ‘ক্লিওপেট্রা’, ‘মহাবিদ্রোহ’, ‘সম্রাট বাহাদুর শাহ জাফর’সহ অনেক প্রযোজনা।
ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?
মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র
সড়ক দুর্ঘটনা রোধে রাষ্ট্রের ব্যর্থতার দায় আদালতের কাঁধে
তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ