বাংলাদেশের বেসরকারি খাতে জাপান আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন (৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার) বিনিয়োগের ব্যবস্থা করবে। জাপানি সংবাদপত্র নিক্কেই গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফরের সময় একটি যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারেক রহমানের আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের কথা রয়েছে। এই সফরের সময় বাংলাদেশ ও জাপান তাদের বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।আগামী ২৭ অক্টোবর তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিক্কেইয়ের তথ্য অনুযায়ী, এই বিনিয়োগ অটোমোবাইল, উৎপাদনমুখী শিল্প এবং জ্বালানি খাতের উন্নয়নে কাজে লাগানো হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই বিনিয়োগ পরিকল্পনায় বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে কার্যক্রম পরিচালনা করা কোম্পানিগুলোও যুক্ত থাকবে, যা জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনের অংশগ্রহণে গড়ে তোলা হচ্ছে।নিক্কেইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে চীনের প্রভাব কমিয়ে নিজেদের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় জাপান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে।
এতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাপানি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল শিগগির বাংলাদেশ সফর করবে। এই সফরের সময় অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বিষয়ে একটি সরকারি-বেসরকারি পর্যায়ে সংলাপের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ও জাপান ফেব্রুয়ারিতে একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করে। নিক্কেই জানিয়েছে, বাংলাদেশের প্রতিযোগিতামূলক শ্রম খরচ এবং অনুকূল উৎপাদন পরিবেশ একে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭ কোটি মানুষ নিয়ে বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ একটি বড় ভোক্তা বাজারও তৈরি করেছে।
নিক্কেই আরও যোগ করেছে, জাপান দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়ন সহায়তার মাধ্যমে বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে। দেশটি এখন বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে তাদের ভূমিকা আরও প্রসারিত করতে আগ্রহী।বার্তাসংস্থা রয়টার্সও নিক্কেইয়ের প্রতিবেদনটি উদ্ধৃত করে খবর ছেপেছে। দ্য ডেইলি স্টার এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।