1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত ৩টায় আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লিগ ২০২৬’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও দেখা যাবে ‘ক্লেফেইস’ পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে কেন সাইবার আতঙ্কে বিশ্ব? তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, ১৬ জনের মৃত্যু টিউশনের আয়ে সিনেমা, ভর্তি-যুদ্ধের গল্প নিয়ে ‘অন্যপাতা’ ট্রাম্পের হুমকির মধ্যেই ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আইসিসি প্রধানমন্ত্রীর সফর: ৫ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান আ.লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

ট্রাম্পের হুমকির মধ্যেই ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আইসিসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার চাপে থাকা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার ‘সাখারভ পুরস্কার’ পেয়েছে। আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে আদালতটিকে এ সম্মাননা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করা আদালতটির স্বাধীনভাবে কাজ করার গুরুত্বও তুলে ধরেছে সংস্থাটি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার আইসিসিকে এ পুরস্কার দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন নতুন নিষেধাজ্ঞা দিয়ে আদালতটির কার্যক্রম অকার্যকর করে দেওয়ার হুমকি দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর এ স্বীকৃতি এল। চলতি মাসে এটি আইসিসির দ্বিতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। এর আগে শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের জন্য আদালতটির সাবেক বিচারক নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।

পুরস্কার ঘোষণার সময় ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা বলেন, ইউরোপীয় ইউনিয়ন বহুপক্ষীয় ব্যবস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইসিসির গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার দেওয়া হচ্ছে।

পুরস্কারের জন্য ইউরোপীয় পার্লামেন্টকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি। আদালতটির পক্ষ থেকে বলা হয়েছে, এমন এক সময়ে এ সম্মাননা এসেছে, যখন প্রতিষ্ঠানটি ও এর কর্মকর্তারা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে রয়েছেন।

আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে বলেন, বর্তমান পরিস্থিতিতে সাখারভ পুরস্কার বিশেষ তাৎপর্য বহন করে। এ স্বীকৃতি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের গুরুত্ব এবং আন্তর্জাতিক আইন রক্ষায় কাজ করা ব্যক্তিদের ভূমিকা আবারও সামনে এনেছে।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির সঙ্গে ট্রাম্পের বিরোধ দীর্ঘদিনের। ২০২৪ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতটি। এরপর থেকে আইসিসির ওপর ট্রাম্প প্রশাসনের চাপ আরো জোরালো হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ধাপে ধাপে আইসিসিকে অকার্যকর করে দেওয়ার অঙ্গীকার করেছে। সম্প্রতি আদালতটির দৈনন্দিন কার্যক্রম ব্যাহত করার লক্ষ্য নিয়ে নতুন নিষেধাজ্ঞাও ঘোষণা করেছে ওয়াশিংটন।

আইসিসিতে ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের বিচার করা হয়। তবে আদালতটির কার্যক্রম সীমিত করতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে বিচারক ও কৌঁসুলিদের ওপর নিষেধাজ্ঞা।

নতুন নিষেধাজ্ঞা ঘোষণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আইসিসির সঙ্গে কাজ করা নিষিদ্ধ করা হবে। আদালতটির সম্পদ পাওয়ার পথ বন্ধ করে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার সক্ষমতা পঙ্গু করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণ ‘ভুয়া আইসিসির’ এখতিয়ারের অধীন নয়।

আইসিসির বিচারক ও কৌঁসুলিদের পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। আদালতে প্রমাণ সরবরাহ করা ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ