1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

৭২ ঘণ্টায় দুই বার ঢাকায় ফিফার শীর্ষ কর্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

ক্রীড়া ডেস্ক: মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুবার ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ভুটান সফর শেষে দোহাগামী ফ্লাইট ধরতে মঙ্গলবার ঢাকায় যাত্রাবিরতি করেন তিনি। সময় ছিল মাত্র আধঘণ্টা। তবে এই স্বল্প সময়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনা ও আনন্দঘন আড্ডায় সময় কাটান ফিফা সভাপতি।

ইনফান্তিনোর এমন সফরকে বাংলাদেশের ফুটবলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তার মতে, ফিফা সভাপতির এই সফর দেশের ফুটবলের গুরুত্ব ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে নির্ধারিত সময়ের কিছুটা আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইনফান্তিনো। এ সময় তাকে স্বাগত জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, সাব্বির আহমেদ আরেফসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।

ফিফা সভাপতির বাংলাদেশ সফরের গুরুত্ব তুলে ধরে ফাহাদ করিম বলেন, ২১১টি দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে ইনফান্তিনোর পক্ষে চার বছরে সব দেশ সফর করা সম্ভব নয়। তাকে নিজেদের দেশে নিয়ে আসার জন্য বিভিন্ন দেশ প্রতিযোগিতা করে।

সেখানে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুবার তার সান্নিধ্য পাওয়া বাংলাদেশের জন্য বড় বিষয়। ফাহাদ করিম বলেন, ‘ফিফার সভাপতি যখন যে দেশে থাকেন, ফুটবল বিশ্বের রাজধানী তখন সেই দেশটিই হয়ে যায়। সেই হিসাবে এই অল্প সময়ের জন্য হলেও ফুটবল বিশ্বের রাজধানী ছিল ঢাকা, বাংলাদেশ। এটি আমাদের দেশের ফুটবলের জন্য এবং পুরো বাংলাদেশের মানুষের জন্য অনেক গর্বের বিষয়।’

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনো ও তার সফরসঙ্গীদের সঙ্গে বাফুফে কর্মকর্তাদের সময় কাটে হাসি-আনন্দে। এ সময় বাফুফের কর্মকর্তা আরিফ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

জবাবে রসিকতা করে ফিফা সভাপতি বলেন, এক-দুদিন আগেই তো তাকে ফুল দেওয়া হয়েছে। ফাহাদ করিমও রসিকতার সুরে বলেন, ‘বাংলাদেশ হচ্ছে আতিথেয়তার দেশ। আপনি যতবার আসবেন, ততবারই আমরা আপনাকে ফুল দিয়ে এভাবেই বরণ করে নেব।’

এদিন ইনফান্তিনোর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম জার্সি। জার্সিতে ছিল তার পছন্দের ৯ নম্বর। জার্সিটি পেয়ে অবাক হন ফিফা সভাপতি। ফাহাদ করিম জানান, গুগলে ইনফান্তিনোর ছবি খুঁজে তার পছন্দের জার্সি নম্বরটি বের করেছিলেন তারা।

ইনফান্তিনোর পাশাপাশি তার সফরসঙ্গী তিন সদস্যকেও বাংলাদেশের নতুন জার্সি উপহার দেওয়া হয়। এ ছাড়া বিমানবাহিনীর রেফারি জসিম তাকে একটি ক্যাপ ও টি-শার্ট উপহার দেন। উপহারগুলো পরে আনন্দের সঙ্গে ছবিও তোলেন ফিফা সভাপতি।

আড্ডায় উঠে আসে ইনফান্তিনোর ভুটান সফরের প্রসঙ্গও। সেখানে দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথা শুনে ফাহাদ করিম তাকে পরেরবার বাংলাদেশে এলে পাঞ্জাবি পরানোর প্রস্তাব দেন।

ফাহাদ করিম বলেন, ‘ভুটানে রাজার আমন্ত্রণে তিনি গিয়েছিলেন। সেখানকার দারুণ অভিজ্ঞতার কথা তিনি আমাদের জানিয়েছেন। তিনি ভুটানের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। আমি তাকে বললাম, ওই পোশাকে আপনাকে দারুণ লাগছিল। এরপর তাকে কথা দিয়েছি, আগামীবার আপনি যখন আসবেন, তখন আপনাকে আমরা পাঞ্জাবি পরিয়ে ছবি তুলব।’

আনন্দঘন পরিবেশে আড্ডা হলেও আলোচনায় গুরুত্ব পেয়েছে দেশের ফুটবলের উন্নয়ন। ঘরোয়া লিগ ও ফুটবলের কাঠামোগত উন্নয়নে বাফুফের বর্তমান কার্যক্রমের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন ইনফান্তিনো। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে আঞ্চলিক পর্যায়ে ক্লাবভিত্তিক টুর্নামেন্ট বা কর্মসূচি আয়োজনের পরামর্শ দেন তিনি।

ফাহাদ করিম বলেন, ‘সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্লাবভিত্তিক কোনো টুর্নামেন্ট বা প্রোগ্রাম আয়োজনের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, এই অঞ্চলের ক্লাবগুলোর মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেটি চমৎকার এবং স্বাস্থ্যকর।’

ফাহাদ করিমের বিশ্বাস, ফিফা সভাপতির এই সফর দেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্ব এবং বর্তমান সরকারের আন্তরিকতায় আগামী দিনে ফিফার কাছ থেকে আরো সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি। এতে দেশের ফুটবলের উন্নয়নও ত্বরান্বিত হতে পারে।

এ ছাড়া ফিফা ও ইনফান্তিনোর নিজস্ব যাচাইকৃত সামাজিকযোগাযোগমাধ্যমের পাতায় বাংলাদেশকে নিয়ে রিলস ও সংবাদ প্রকাশের বিষয়টিও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন বাফুফের এই সহসভাপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ