জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা শুরু হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা ঘটে। উদ্বোধনের পরপরই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের বিগত বছরগুলোর বহুমুখী মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম।
আলোচনা সভায় সরকারের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আয়োজনে শামিল হন।