গ্রিসের ঐতিহাসিক সান্তোরিনির নীল জলরাশি, শুভ্র বাড়ি আর বিখ্যাত নীল গম্বুজের মাঝে নতুন সাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। নিয়মিত ঘরানার বাইরে গিয়ে এবার নীল পোশাকে তার এমন উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছে অনুরাগীদের।
রোববার দুপুরে নিজের ফেসবুক পাতায় সান্তোরিনির এই বিশেষ মুহূর্তগুলোর ছবি প্রকাশ করেন তিনি।
ছবির দৃশ্যপটে দেখা গেছে, নীল রঙের একটি লম্বা গাউন পরে তিনি বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, আবার কখনো দৃষ্টি স্থির রেখেছেন ক্যামেরার লেন্সে। তার পেছনের পটভূমিতে ফুটে উঠেছে সান্তোরিনির ঐতিহ্যবাহী সাদা দেয়াল, নীল রঙের গম্বুজ ও সুবিশাল এজিয়ান সাগর। চারপাশের নীল ও সাদা আবহাওয়ার সাথে তার পরিহিত গাউনের রঙের মিল একটি বিশেষ নান্দনিকতা ফুটিয়ে তুলেছে।
প্রকাশিত ছবির বর্ণনায় এই অভিনেত্রী লিখেছেন, এজিয়ান সাগরের স্বপ্ন যেন সত্যি হলো, যেখানে আভিজাত্যের সাথে মিশে গেছে এজিয়ানের নীল আর সাদা।
ছোট পর্দা ও দেশের মডেলিং জগতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সারিকা সাবরিন।
বিজ্ঞাপনের মডেল হিসেবে দর্শকপ্রিয়তা পাওয়ার পর টেলিভিশন নাটকেও তিনি দীর্ঘ সময় নিয়মিত অভিনয় করেছেন। পেশাগত ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্তের ছবি তিনি সামাজিক মাধ্যমে অনুসারীদের সাথে ভাগ করে নেন। তবে পশ্চিমা ধাঁচের দীর্ঘ গাউনে তাকে এর আগে খুব একটা দেখা যায়নি। ফলে এই পোশাক ও পটভূমিতে তাকে দেখে ভক্তদের অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করে নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন।