ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে তিন যাত্রীর কাছে ৭৩৩ গ্রাম স্বর্ণসহ একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
গতকাল সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে জব্দ পণ্যের শুল্ককরসহ মূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঞ্চল্যকর এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালানো হয়। এতে ঢাকায় ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও একটি আইফোন এবং চট্টগ্রামে ৭৮ লাখ ১২ হাজার টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বি-শিফটের কর্মকর্তারা নজরদারি জোরদার করেন। এসময় কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-০৩১৬ ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগেজ সন্দেহজনক মনে হয়। পরে ব্যাগেজ পরীক্ষা করে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।
অন্যদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। যাত্রী তানবীর হাসান রিফাত শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁর জুতার ভেতরে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়। একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্টে ২০২৬ সালে আগে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার তথ্যও রয়েছে। চট্টগ্রামে জব্দ ৪৩৪ গ্রাম স্বর্ণের শুল্ককরসহ মূল্য প্রায় ৭৮ লাখ ১২ হাজার টাকা।