ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৫৬টি টিম একযোগে দেশের বিভিন্ন এলাকার বাজারে তদারকি কার্যক্রম চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ফল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে মূল্য কারসাজি, অতিরিক্ত দাম আদায় ও সরবরাহে অনিয়ম ঠেকাতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঢাকা মহানগরসহ দেশের ৪২ জেলায় সোমবার পরিচালিত অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অনিয়মের দায়ে ১২০টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য কেনার সুযোগ নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।
এদিন অধিদপ্তরের ৫৬টি টিম একযোগে দেশের বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা বাজারে তদারকি কার্যক্রম চালায়।
অভিযানকালে ফল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বিক্রয়মূল্য, ক্রয়-বিক্রয়ের ভাউচার, মূল্য তালিকা প্রদর্শন এবং ওজন ও পরিমাপের যথার্থতা যাচাই করা হয়। একই সঙ্গে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত দাম আদায় ও পণ্যের সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির মত অনিয়ম প্রতিরোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
বিশেষ করে ফলের বাজারে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহারের বিরুদ্ধে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
বাজারে কেনাকাটার ক্ষেত্রে ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন বুঝে নেওয়া এবং মোড়কজাত পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেনাকাটার রশিদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পণ্য ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কারচুপি, ভেজাল কিংবা অন্য কোনো প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।
মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি
‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’
তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ