পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে পবিত্র মক্কা-মদিনা কোনো নিরাপত্তা হুমকির মুখে পড়লে সৌদি আরবকে প্রয়োজনীয় সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তূত রয়েছে।
তিনি বলেন, মক্কা-মদিনায় কোনো থ্রেট এলে আমরা বসে থাকব না। আমরা অবশ্যই তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
আজ সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)- আয়োজিত 'বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা'- শীর্ষক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পবিত্র দুই নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবকে সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, মক্কা-মদিনা সারা বিশ্বের মুসলমানদের কাছে ঐক্যের জায়গা। এটা সাধারণ কোনো কূটনীতির বিষয় নয়। এক্ষেত্রে আমাদের আবেগ কাজ করে।
তিনি বলেন, সেই জায়গাটা থেকে যদি মক্কা-মদিনায় এরকম কোনো থ্রেট আসে, বাংলাদেশি যারা আমরা মেজরিটি মুসলমান আছি; আমরা বসে থাকব না। অবশ্যই তাদের সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়ে দেব।
তবে প্রস্তাবিত 'মক্কা চুক্তি'তে বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, আমরা মক্কা প্যাক্টে এখনও যোগ দেইনি। যেহেতু আমরা মক্কা প্যাক্টে আনুষ্ঠানিকভাবে এখনও যোগ দেইনি। সুতরাং, সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।
তিনি জানান, তবে সৌদি আরবের যেখানে ঘটনাটি ঘটেছে তাতে আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। আমরা চাই অবিলম্বে এমন হামলা বন্ধ হোক।
শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফে সৌদি ক্রাউন প্রিন্সকে একটি চিঠিও দেওয়া হয়েছে। আমরা সৌদি আরবের সাধারণ মানুষ এবং সরকারের পাশে আছি।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.