অস্ট্রেলিয়ার সর্বশেষ টেস্ট সিরিজ দুঃস্বপ্নের মতো কেটেছিল লিটন দাসের। তিন ইনিংস ব্যাট করে তিনবারই আউট হয়েছিলেন শূন্য রানে। আফগানিস্তানের বিপক্ষে নেমে নিজেকে ফিরে পেলেন তিনি। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি। তার ব্যাটে আফগানদের সামনে বিশাল লক্ষ্য দিয়ে ইনিংস ছাড়ল বাংলাদেশ।
সালিম সাফির বলে পুল করতে গিয়ে লিটনের আউটের পরপরই ইনিংস ঘোষণা করেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৭ উইকেটে যোগ করে আরও ৩৭২ রান। সব মিলিয়ে আফগানিস্তানের সামনে লক্ষ্য ৪৭৯ রানের। যা করতে হলে আসলে বিশ্ব রেকর্ড গড়তে হবে রহমত শাহদের।
আউট হওয়ার আগে ১১৭ বলে ১৪ চারে ১০২ রান করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে এটি তার সপ্তম শতক।
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর আরও আধঘণ্টা ব্যাট করেছে বাংলাদেশ। মূলত অপেক্ষা ছিল মেহেদী হাসান মিরাজের ফিফটি আর লিটনের সেঞ্চুরি। শেষ পর্যন্ত দুই চাওয়াই পূরণ হয়েছে। লিটনের সঙ্গে সপ্তম উইকেটে ১৪৯ রানের জুটিতে ৫২ রানে অপরাজিত ছিলেন মিরাজ।
আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান নিয়ে নেমে এই দুজন অনায়াসে খেলতে থাকেন, তবে কিছু সুযোগও দিয়েছেন তারা। কঠিন সেসব সুযোগ নিতে পারেনি আফগানরা। ফলে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের কোনো পরিস্থিতিই আসেনি। লাঞ্চের আগে থেকেই অপেক্ষা ছিল কবে ইনিংস ছাড়বে বাংলাদেশ। প্রতিপক্ষের ফিল্ডার-বোলারদের ক্লান্ত করে লক্ষ্যটা ধরাছোঁয়ার বাইরে নিয়ে অবশেষে থামে শান্তর দল। প্রতিপক্ষকে অলআউট করে ম্যাচ জিততে প্রায় সাড়ে চার সেশন পাচ্ছে সফরকারী দল।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিফটি এসেছে তিনটি, সেঞ্চুরি একটি। মুশফিকুর রহিম ও শান্তর আশি ছাড়ানো দুই ইনিংস ছাপিয়ে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন লিটন। এই টেস্টে দুই ইনিংসে ফিফটি বা তার বেশি রান করে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছাড়িয়ে গেছেন তিনি। যেখানে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনি পঞ্চম।