চলতি বছর রাজশাহী জেলার ৪৮৯টি দুর্গাপূজা মণ্ডপের জন্য ২৮৯ টন চাল বরাদ্দ করেছে সরকার।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রাজশাহী শহরে ৮৫টি এবং নয়টি উপজেলায় ৪০৪টি মণ্ডপ রয়েছে।
বরাদ্দকৃত চাল ইতোমধ্যে জেলায় এসে পৌঁছেছে এবং এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মণ্ডপ কর্তৃপক্ষের মাঝে তা বিতরণ করা হবে।
জেলা ত্রাণ কার্যালয়ের তথ্যমতে, গত বছরের তুলনায় এ বছর মণ্ডপের সংখ্যা ১৭টি বেড়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৪৭২টি।
সবচেয়ে বেশি ৮৬টি মণ্ডপ রয়েছে বাগমারা উপজেলায়। এরপর রয়েছে তানোরে ৫৯টি, পুঠিয়ায় ৫৫টি, বাঘায় ৪৮টি, গোদাগাড়ী ও চারঘাটে ৪২টি করে, মোহনপুরে ২৫টি, দূর্গাপুরে ২৪টি এবং পবায় ২৩টি মণ্ডপ।
এদিকে, পাঁচ দিনব্যাপী এই উৎসবকে সামনে রেখে প্রতিমা শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু হবে এবং ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা ও মহানগর প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, মহানগর এলাকার ১০৯টি মণ্ডপে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিমা তৈরির স্থানগুলোতেও সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। সূত্র: বাসস