পাকিস্তানের দলটিকে প্রতিযোগিতাটির তৃতীয় আসরে অংশগ্রহণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে পিসিবি।
২০২৫ সালে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করে ভারত। ফাইল ছবি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সরিয়ে নিয়েছে ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স।’ দলটিকে প্রতিযোগিতাটির তৃতীয় আসরে অংশগ্রহণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বছর দ্বিতীয় আসরে ‘ভারত চ্যাম্পিয়ন্স’ দল পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করার পর, মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি তাদের দলটিকে দেশের প্রতিনিধিত্ব করা থেকে নিষিদ্ধ করেছিল। পাকিস্তানের দলটির মালিক কামিল খান পিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানালেও বোর্ড তাতে অনড় থাকে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি শর্ত দিয়েছিল যে, গত বছরের বয়কটের জন্য ভারতীয় দলকে ‘লিখিত ক্ষমা’ চাইতে হবে এবং ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে হবে। তবে ডব্লিউসিএল কর্তৃপক্ষ শর্তগুলো প্রত্যাখ্যান করে, যার ফলে পিসিবিও তাদের দলটিকে অনাপত্তিপত্র দিতে রাজি হয়নি।
‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ সোমবার এক বিবৃতিতে বোর্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা বললেও প্রতিযোগিতাটিতে খেলতে না পারার হতাশা লুকায়নি।
“পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় অনাপত্তিপত্র প্রদানে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত বহাল রাখায় ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ খুব দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, দলটি চলমান ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ অংশ নিতে পারবে না।
“আমরা পিসিবির কর্তৃত্ব ও সিদ্ধান্তকে সম্মান জানাই; তবে স্বাভাবিকভাবেই আমরা হতাশ যে, ক্রিকেট কিংবদন্তিদের এই বৈশ্বিক আসরে আমাদের খেলোয়াড়রা ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’-এর প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে না। ধৈর্য, বিষয়টি অনুধাবন এবং সমর্থনের জন্য আমাদের খেলোয়াড় ও ভক্ত- সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানাই আমরা।”
গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সাবেকদের টুর্নামেন্টে ভারত দল পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম পর্বের ম্যাচ থেকে সরে দাঁড়ায়। পরে সেমি-ফাইনালে আবারও একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। কিন্তু ভারত সেই লড়াই থেকেও সরে দাঁড়ায়; ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে খেলার সুযোগ পায়। শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক, মিসবাহ-উল-হাকদের নিয়ে গড়া সেই দলটি শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে।
২০২৫ সালের এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে প্রথাগত হাত মেলানোর বিষয়টি ভারত বর্জন করতে শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।
শারজাহয় চলমান সাবেকদের টুর্নামেন্টে আগামী ১০ অক্টোবর ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল, এখন সেই ম্যাচটি আর হবে না।
এর আগে ‘টেকনিক্যাল কারণে’ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়; সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। এ দিনই আসর থেকে সরে দাঁড়াল দলটি।
তৌফিক ইমরোজ খালিদী: আমাদের কালের কাঙাল হরিনাথ
তৌফিক ইমরোজ খালিদী: কঠোর সম্পাদকের আড়ালে স্নেহশীল অভিভাবক
তৌফিক ইমরোজ খালিদী: এই ‘যাওয়া তো নয় যাওয়া’
তৌফিক ইমরোজ খালিদী: শিল্পানুরাগী এক অনন্য আতিথেয়তার মানুষ