অধিদপ্তরের ৪৪টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ফল, ভোজ্যতেল ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজধানীসহ ৩০ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন ‘অনিয়মের দায়ে’ ১০২টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন অধিদপ্তরের ৪৪টি দল একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।
এ সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সঠিক ওজন এবং নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়গুলো যাচাই করা হয়।
অধিদপ্তর বলেছে, নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম আদায় বন্ধ করাই এ তদারকির উদ্দেশ্য।
অভিযানে সাভারের আমতলা ও কুটুরিয়া বাজারের দুটি এলপি গ্যাস ডিলার পয়েন্টে অনিয়ম ধরা পড়ে।
অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, প্রদর্শিত মূল্যতালিকার চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বিশেষ পাইপের মাধ্যমে গ্যাস স্থানান্তর করে ওজনে কারচুপির অপরাধ পাওয়া যায়।
এ সময় কারচুপিতে ব্যবহৃত বিশেষ পাইপ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সিল-স্টিকার জব্দ করা হয়।
সরবরাহ সংকট চলার মধ্যেই অক্টোবর মাসের জন্য এদিন রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম বাড়ায় সরকার।
১২ কেজির এলপিজি সিলিন্ডারে একবারে ২৫২ টাকা বাড়িয়ে রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন দর অনুযায়ী, চলতি মাসে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৮৩৭ টাকায়, যা সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৫৮৫ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন বুঝে নেওয়া এবং প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
“গ্যাস সিলিন্ডার কেনার সময় ওজন, সিল ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা এবং ক্রয়ের রশিদ বা ভাউচার সংগ্রহ করতেও বলা হয়েছে।”
কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেছে অধিদপ্তর।
ভূমিহীন হলে কি সরকারি চাকরি পাওয়া যাবে না?
তৌফিক ইমরোজ খালিদী: পাঁচ বছরের এক রোমাঞ্চকর আইনি লড়াই
রক্তরেখায় বাংলাদেশ এবং বিরুদ্ধ সময়ের এক সাহসী মানুষ
স্কুল নম্বর ২৪২১ তৌফিক ইমরোজ খালিদী: যার খবর বদলানো যায় না