কুমিল্লায় কিশোর গ্যাং 'র' ও 'ক্রাইম সেটআপ'-এর শীর্ষ চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— 'র' গ্যাংয়ের মূলহোতা ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং 'ক্রাইম সেটাআপ' গ্যাংয়ের শীর্ষ সদস্য মো. সাব্বির ওরফে 'পয়েন্ট সাব্বির' (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে 'কিং মেকার' (২৪)।
পুলিশ জানায়, রতনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ ৯টি মামলা রয়েছে। সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান। অন্যদিকে সাব্বির ও নবীর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গত ১০ দিন ধরে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চলছে। এ সময় সন্দেহজনক দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে কিশোর গ্যাংয়ের অনেক সদস্য আত্মগোপনে চলে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, 'কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সন্তানরা কার সঙ্গে মিশছে এবং কোথায় যাচ্ছে, সে বিষয়ে সচেতন থাকার জন্য অভিভাবকদের অনুরোধ করছি।'
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.