রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়কের যান চলাচল।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টির ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী জানান, ক্লাস শেষে ছুটির পর সাইন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়ে। বাসের জানালার কিছু কাচ ভেঙে যায়। এ খবর পেয়ে আমরা সাইন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করি।
অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আক্রমণ করে আমাদের। কি কারণে করেছে তা জানি না। আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে।
রমনা থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শওকত আলী বলেন, প্রায় ২০০ জন ঢাকা কলেজের শিক্ষার্থী আইডিয়াল কলেজের দিকে এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের কারণে মিরপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
তবে কী কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।