চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
ঢাকা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে।
শনিবার আবহাওয়াবিদ মো. আবদুল হাদিম মিয়ার সই করা অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশে অবস্থান করা স্থল গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হতে পারে।
এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আগামীকাল রোববার ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এরপর বৃষ্টিপাত কিছুটা কমে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২৭ সেপ্টেম্বরের দিকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।