বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আর নেই। রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সত্তরের দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মিঠু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই রোগের সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠু মুখোপাধ্যায়ের ছবি প্রকাশ করে শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর অত্যন্ত বেদনাদায়ক। তাঁর স্মৃতি ও তাঁর কাজ আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। গভীর শ্রদ্ধা।’
১৯৫৫ সালের ১৯ জুন কলকাতায় জন্ম মিঠু মুখোপাধ্যায়ের। সৌন্দর্য, অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রে তিনি আলাদা পরিচিতি তৈরি করেন। ১৯৭১ সালে ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ১৯৭৩ সালে ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেন।
এরপর ‘নিশি কন্যা’, ‘মৌচাক’, ‘আশ্রিতা’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘হোটেল নো ফক্স’ ও ‘ভাগ্যচক্র’সহ একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। বাংলা চলচ্চিত্রে শমিত ভঞ্জ, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় ও রঞ্জিত মল্লিকের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন মিঠু।
বাংলার পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ১৯৭৬ সালে ‘খান দোস্ত’ ছিল তাঁর প্রথম হিন্দি সিনেমা। পরে ‘দুজনে’ ও ‘সফেদ ঝুট’-এর মতো সিনেমায় অভিনয় করেন। হিন্দি চলচ্চিত্রে অশোক কুমার, শত্রুঘ্ন সিনহা, অমল পালেকার ও বিনোদ মেহরার মতো অভিনেতাদের বিপরীতেও অভিনয় করেছেন তিনি। উড়িয়া সিনেমাতেও অভিনয় করেছেন মিঠু মুখোপাধ্যায়।