ক্রিকেটে প্রথমবারের মতো জাপানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। চলমান ২০২৬ এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুজুকি কাপে হবে এই লড়াই। মঙ্গলবার জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
দুই দলের জন্যই ম্যাচটি ঐতিহাসিক। তবে জাপানের জন্য এটি আরও বিশেষ। কারণ নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এত উচ্চ র্যাঙ্কিংয়ের একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছে তারা। শুধু তাই নয়, প্রতিপক্ষ বর্তমান এশিয়ান ও বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারত।
এশিয়ান গেমসে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পাশাপাশি জাপানের জন্য ম্যাচটি বড় অভিজ্ঞতা অর্জনের সুযোগও। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ খুব ঘনঘন আসে না বলে জানিয়েছেন জাপান ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যালান কার।
ম্যাচের আগের দিন একান্ত সাক্ষাৎকারে অ্যালান কার বলেন, ‘পরিবেশটা দারুণ। ছেলেরা খুবই রোমাঞ্চিত। আমাদের জন্য এমন সুযোগ খুব বেশি আসে না।’
ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচ নিয়ে জাপানের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচটি তাদের জন্য বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে।
জাপানে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। দর্শকদের আগ্রহে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়িয়ে ৩ হাজার করা হয়েছে। তাতেও চাহিদা সামাল দেওয়া যায়নি, টিকিট বিক্রি শেষ হয়ে গেছে মাত্র এক ঘণ্টায়!
এদিকে ঐতিহাসিক ম্যাচটিকে ঘিরে আগ্রহ তৈরি হলেও শঙ্কা রয়েছে বৃষ্টির। কয়েক দিন আগে টাইফুন সতর্কতা জারি হওয়ায় আবহাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফলে বহুল প্রতীক্ষিত ভারত-জাপান ম্যাচটি শেষ পর্যন্ত নির্বিঘ্নে মাঠে গড়ায় কি না, সেটিই এখন দেখার বিষয়।