‘করিমউল্লাহ টিলা’ কাটার অভিযোগে এই মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেট নগরীর বালুচর এলাকার ‘করিমউল্লাহ টিলা’ অবৈধভাবে কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
শাহপরাণ (রহ.) থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, শুক্রবার পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে পরিবেশ সংরক্ষণ আইনে মামলাটি করেন। মামলায় ১০ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ১১ জনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলার আসামিরা হলেন- নগরীর উত্তর বালুচরের জালাল উদ্দিন (৫৬), জাহাঙ্গীর মিয়া (৫৮), মোশারফ আলী (৫৫), শাকির আহমদ (৫৩), ইউসুফ আলী (৫৭), নাজমুল (৪১), শহীদুল আলম (৪৭), জাকির হোসেন (৪৪), জসিম উদ্দিন (৫৮), জামাল উদ্দিন (৪২) ও কামাল (৪১)।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০ এপ্রিল কোনো প্রকার অনুমোদন ছাড়াই ‘করিমউল্লাহ টিলা’র একাংশ কেটে মাটি অপসারণ করা হয়। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর স্থানটি পরিদর্শন করে। পরে আসামিদের শুনানিতে হাজির হতে নোটিশ পাঠালেও তারা সাড়া দেননি। পরবর্তীতে পরিদর্শনের ভিত্তিতে নিয়মিত ফৌজদারি মামলা করা হয়।
আইন অনুযায়ী, অনুমতি ছাড়া টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং প্রথম অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
কেন বাড়ছে কিশোর অপরাধ: অপ্রতিম হত্যায় সামনে আসা সত্য
মেফ্লাই, লেমিং ও মানুষ: নিছক অস্তিত্ব, নাকি জীবনের অর্থ?
জ্বালানির দাম বৃদ্ধি: রাষ্ট্র বাঁচে প্রজ্ঞাপনে, জনগণ হাঁপায় রান্নাঘরে
ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের?