রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ পৃথক অপরাধে তাদের গ্রেফতার করে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা হয়েছে। এর মধ্যে চুরির মামলা পাঁচটি এবং অন্যান্য অপরাধে ৫৩টি মামলা হয়েছে। এ সময়ে রেঞ্জ এলাকায় খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা বা ঘটনা ঘটেনি। এ ছাড়া অপমৃত্যুর পাঁচটি ঘটনা রেকর্ড করা হয়েছে।
গ্রেফতার ১৮৭ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৭২ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলায় ৯৪ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন।
এদিকে, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন ও আসামি গ্রেফতারে গত ২৪ ঘণ্টায় মোট ১৫টি অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে চার গ্রাম হেরোইন, এক হাজার ৮৫৬ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ। তবে এ সময় কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।
অন্যদিকে, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিট থেকে মোট এক হাজার ৬৪ জন সেবাগ্রহীতা সেবা নিয়েছেন। এ নিয়ে চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৮ জনে।